বিপাকে শারাপোভা!

বিপদে পড়লেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। ভারতের রাজধানী নয়াদিল্লির লাগোয়া হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ, তাঁর নামে তৈরি বিলাসবহুল যে আবাসন প্রকল্প ২০১৬ সালে শেষ হওয়ার কথা ছিল, তা এখনো আলোর মুখ দেখেনি। প্রকল্পে লগ্নিকারকদের একজন শারাপোভাকেও এর জন্য দায়ী করে আদালতের শরণাপন্ন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ডেভেলপারদের সঙ্গে শারাপোভার নামেও পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছেন।
প্রকল্পটির নাম ‘ব্যালে বাই শারাপোভা’। অভিযোগ, শারাপোভার নাম করে ওই আবাসন প্রকল্পের প্রস্তুতকারকেরা ক্রেতাদের প্রতারণা করেছেন। শারাপোভার নামে ওই প্রকল্পে একটি টেনিস একাডেমি করার কথা ছিল। তা ছাড়া কথা ছিল ‘ব্রান্ডেড’ পোশাক ও ক্রীড়াসামগ্রী বিক্রির বাণিজ্যিক জায়গা রাখার কথাও। অভিযোগ, প্রকল্পে এসব কোনো কিছুরই নাম-গন্ধ নেই। অথচ শারাপোভার নাম দেখেই ওই প্রকল্পে তিনি ৫৩ লাখ টাকা লগ্নি করেছিলেন। অভিযোগকারীর নাম ভাবনা আগরওয়াল।
দিল্লির মুখ্য মহানগর হাকিম রাজেশ মালিকের এজলাসে দায়ের করা মামলায় ভাবনা আগরওয়াল অভিযোগ করেছেন, শারাপোভার নাম করে আবাসন নির্মাতা তাঁকে প্রতারণা করেছেন। শারাপোভা এই প্রকল্পের জন্য প্রচার চালিয়েছিলেন। সাধারণ মানুষদের কাছে প্রকল্পের প্রতি তাঁর সমর্থনও জানিয়েছিলেন। সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে দেখা করার জন্য শারাপোভা ২০১৩ সালে দু-তিনবার ভারতেও এসেছিলেন। দেড় হাজারের বেশি মানুষ প্রকল্পে লগ্নি করেছেন। ফলে টেনিস সুন্দরীও এই চক্রান্তের অংশীদার।
বিচারপতি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের কাছে আবাসন প্রকল্প তৈরির কোনো লাইসেন্স ও অনুমোদন না থাকলে তা ফৌজদারি অপরাধ। সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে এফআইআর দাখিল করে বিচারপতি প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেন।