বিপাকে সোনিয়া ও রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী

ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিলেন ভারতের দিল্লি হাইকোর্ট। নিম্ন আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন জারি হওয়ার বিরুদ্ধে কংগ্রেস সভাপতি ও সহসভাপতি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কংগ্রেস সূত্রে বলা হয়েছে, নিম্ন আদালতে হাজিরা ঠেকাতে তাঁরা এবার উচ্চতর আদালতের শরণাপন্ন হবেন।
ন্যাশনাল হেরাল্ড পত্রিকা অধিগ্রহণকে কেন্দ্র করে সোনিয়া ও রাহুল ছাড়া কংগ্রেসের দুই শীর্ষ নেতা কোষাধ্যক্ষ মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ এবং প্রয়াত রাজীব গান্ধীর বন্ধু সুমন দুবের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী। তাঁর অভিযোগ, ৫০ লাখ রুপির বিনিময়ে কংগ্রেসের এই শীর্ষ নেতারা ন্যাশনাল হেরাল্ড পত্রিকার যাবতীয় সম্পদ কুক্ষিগত করেছিলেন।
স্বামীর অভিযোগ, ২০১০ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালু রাখতে কংগ্রেস অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে (এজেএল) ৯০ কোটি ২৫ লাখ রুপি বিনা সুদে ঋণ দেয়। পরে সেই ঋণ ইয়ং ইন্ডিয়ান লিমিটেডকে (ওআইআইএল) ৫০ লাখ রুপির বিনিময়ে হস্তান্তর করা হয়। স্বামীর অভিযোগ, এই লেনদেনে গান্ধী পরিবার লাভবান হয়েছেন। কারণ, সোনিয়া ও রাহুল দুজনেই ওআইআইএলের ৩৮ শতাংশ করে মোট ৭৬ শতাংশ শেয়ারের মালিক।
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি গতকাল সোমবার বলেন, কোম্পানি আইন অনুযায়ী ওয়াইআইএলের এজেএল অধিগ্রহণে বেআইনি কিছু নেই। তা ছাড়া, অধিগ্রহণকে কেন্দ্র করে এজেএলের কোনো শেয়ারহোল্ডারই আপত্তি জানাননি।
জওহরলাল নেহরু ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৮ সালে সোনিয়া তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। নিম্ন আদালত গত ২৬ জুন সোনিয়া, রাহুলসহ অন্যদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।