বিপাকে সোনিয়া-রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। নিম্ন আদালতে হাজিরা দেওয়ার জন্য যেন সমন জারি না হয়, সে জন্য মা-ছেলে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, নিম্ন আদালতে হাজিরা ঠেকাতে সোনিয়া-রাহুল এবার উচ্চতর আদালতের শরণাপন্ন হবেন।

ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণকে কেন্দ্র করে সোনিয়া ও রাহুল ছাড়াও কংগ্রেসের দুই শীর্ষ নেতা মোতিলাল ভোরা ও অস্কার ফার্নান্ডেজ এবং প্রয়াত রাজীব গান্ধীর বন্ধু সুমন দুবের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, মাত্র ৫০ লাখ রুপির বিনিময়ে কংগ্রেসের এই শীর্ষ নেতারা ন্যাশনাল হেরাল্ড পত্রিকার যাবতীয় সম্পত্তি কুক্ষিগত করেছিলেন।

সুব্রক্ষ্মণ্যম স্বামীর অভিযোগ, ২০১০ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালু রাখতে কংগ্রেস অ্যাসোসিয়েটেড জারনালস লিমিটেডকে (এজেএল) ৯০ কোটি ২৫ লাখ রুপি বিনা সুদের ঋণ দেয়। পরে সেই ঋণ ইয়ং ইন্ডিয়ান লিমিটেডকে (ওআইআইএল) ৫০ লাখ রুপির বিনিময়ে হস্তান্তর করা হয়। এই লেনদেনে গান্ধী পরিবার লাভবান হয়েছেন। কারণ, সোনিয়া ও রাহুল দুজনেই ওআইআইএল-এর ৩৮ শতাংশ করে মোট ৭৬ শতাংশ শেয়ারের মালিক।

কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি আজ সোমবার বলেন, কোম্পানি আইন অনুযায়ী ওয়াইআইএল-এর এজেএল অধিগ্রহণে বেআইনি কিছু নেই। তা ছাড়া, অধিগ্রহণকে কেন্দ্র করে এজেএলের কোনো শেয়ার হোল্ডারই আপত্তি জানাননি।

জওহরলাল নেহেরু ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৮ সালে সোনিয়া তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। নিম্ন আদালত গত ২৬ জুন সোনিয়া, রাহুলসহ অন্যদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।