বিপিনকে নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্যকারীকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিন রাওয়াত
ফাইল ছবি: রয়টার্স

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার গুজরাটের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আহমেদাবাদ সাইবার ক্রাইম সেল। সেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শিবাভাই রাম (৪৪)। তিনি গুজরাটের আমরেলি জেলার রাজুলা তালুকের ভেরাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় কর্মকর্তারা জানান, বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে নিজের ফেসবুক পেজে অবমাননাকর মন্তব্য করেছেন রাম।

তবে পুলিশ বলছে, রামকে তাঁর আগের ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সেই ফেসবুক পোস্ট অবমাননাকর ছিল। তাঁর সবশেষ মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুরোনো ফেসবুক পোস্ট সামনে আসে।

সাইবার ক্রাইম সেলের বিজ্ঞপ্তিতে জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে করা রামের মন্তব্য সম্পর্কে কিছু বলা হয়নি।

সহকারী পুলিশ কমিশনার জিতেন্দ্র যাদব বলেন, রামকে তাঁর আগের ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাঁর ফেসবুক পেজে হিন্দু দেবতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।

গত বুধবার দুপুরে তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতসহ ১৩ জন নিহত হন।

বিপিন রাওয়াতকে বহনকারী রাশিয়ার তৈরি হেলকপ্টারটি তামিলনাড়ুর কাছে সুলুরের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তিনি রাজ্যের উরাহগামানরালামে অবস্থিত একটি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তামিলনাড়ুর নীলগিরির পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও নিহত হন।

৬৩ বছর বয়সী সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব গ্রহণ করেন। দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীকে সমন্বয় করার জন্য এ পদ সৃষ্টি করা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টার ভূমিকাও পালন করছিলেন তিনি। পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্বের পরামর্শকের ভূমিকায় ছিলেন বিপিন রাওয়াত।