বিবাহবিচ্ছেদের 'খুশি'তে মিষ্টি বিতরণ যুবকের!

মহা ধুমধামে বিয়ে হয়েছিল রিঙ্কেশ রচ্ছের। ছোটখাটো সমস্যার কারণে স্ত্রীর সঙ্গে সংসারে ঝামেলা লেগেই থাকত রিঙ্কেশের। এরপর বিবাহবিচ্ছেদ। সেই বিবাহবিচ্ছেদের পর প্রতিবেশীদের মিষ্টিমুখ করিয়েছেন রিঙ্কেশ! অবাক মনে হলেও চমকে দেওয়ার মতো এ ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোট জেলার বাঙ্কান এলাকায়।
জানা গেছে, তিন বছর আগে স্থানীয় এক যুবতীর সঙ্গে বিয়ে হয় রিঙ্কেশের। বেশ ধুমধাম করেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু মাস খানেক যেতে না যেতেই ছোটখাটো নানা বিষয়ে নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে ওই দম্পতির। রিঙ্কেশ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, দুজন অচেনা মানুষ একসঙ্গে থাকতে গেলে একটু-আধটু মতের অমিল হতেই পারে! সম্পর্ককে একটু সময় দিলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।’ কিন্তু যত দিন গড়াল, সম্পর্কের অবনতি ততই হলো।
রিঙ্কেশ বলেন, ‘একটা সময় পরিস্থিতি এতটাই খারাপ হলো যে আমার স্ত্রী আমার সঙ্গে আলাদা থাকার দাবি তুললেন। আমি তা-ও মেনে নিয়েছিলাম। কিন্তু নিজের পরিবার ছেড়ে ওর সঙ্গে আলাদা থেকেও কোনো লাভ হয়নি।’ তাঁর অভিযোগ, পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে যায় যখন, ‘হেল্পলাইন’-এ ফোন করে বাসায় পুলিশ ডাকলেন স্ত্রী। এরপর বাধ্য হয়েই বিবাহবিচ্ছেদের পথ বেছে নিয়েছি।’ কিন্তু দাম্পত্যের মতো রিঙ্কেশের বিবাহবিচ্ছেদের ব্যাপারটাও সহজভাবে হয়নি। আদালতে মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছিলেন রিঙ্কেশের স্ত্রী। বিপুল অঙ্কের অর্থ দিতে অপারগ রিঙ্কেশ দ্বারস্থ হন আদালতের। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্ত্রীর সঙ্গে আপসের মাধ্যমে বিচ্ছেদ হয় রিঙ্কেশের।
বিবাহবিচ্ছেদের পর বাড়িতে ফিরে পাড়া-প্রতিবেশীদের মিষ্টিমুখ করান রিঙ্কেশ। এই মিষ্টিমুখ কি সম্পর্ক থেকে ‘মুক্তি’র আনন্দে? আক্ষেপের সুরে রিঙ্কেশ বলেন, ‘বিবাহবিচ্ছেদের আনন্দে মিষ্টি বিতরণ করিনি। অনেকেই আইনের অপব্যবহার করেন। আমি আমার প্রতিবেশীদের শুধু সে বিষয়ে সতর্ক করতে চেয়েছি।’
আর বিয়ে করবেন কি না, এমন প্রশ্নের জবাবে রিঙ্কেশ বলেন, ‘সব মেয়েই তো আর এক রকম নয়। ভবিষ্যতে কখনো যদি মনের মতো কাউকে পাই, তাহলে তো বিয়ে করবই।’ তথ্যসূত্র: আনন্দবাজার।