বিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ এবং হত্যার ঘটনায় নির্মিত বিতর্কিত তথ্যচিত্র প্রচার করায় বিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, ওই তথ্যচিত্র প্রচার করা উচিত হয়নি বিবিসির।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনার পর ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সাংবাদিকতায় অনুসৃত নীতি অনুযায়ী পরিচয় গোপন রাখতে মেয়েটির কল্পিত কয়েকটি নাম দেওয়া হয়, যার একটি ‘নির্ভয়া’।
গত বুধবার দিল্লি হাইকোর্ট ইন্ডিয়া’স ডটার নামের বিবিসি নির্মিত ওই তথ্যচিত্র ভারতে প্রচার নিষিদ্ধ করে। তথ্যচিত্রটিতে সাজাপ্রাপ্ত ধর্ষণকারীদের একজন মুকেশ সিং তার কুকর্মের পক্ষে সাফাই গেয়ে কথা বলে। এ কারণেই ওই তথ্যচিত্র প্রচারের বিরুদ্ধে অবস্থান নেয় ভারত সরকার। ভারতীয় এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবিসি ভারতীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় তথ্যচিত্রটি প্রচার করে। এটি ৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিবিসি এবং এনডিটিভিতে প্রচারের কথা ছিল। তবে তথ্যচিত্রটি ভারতে দেখা যায়নি।
রাজনাথ সিং এনডিটিভিকে বলেন, ‘আমরা বিবিসিকে বলেছিলাম তথ্যচিত্রটি প্রচার না করতে। এর পরও তারা সেটি প্রচার করেছে। আমরা বিষয়টি তদন্ত করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিবিসি শর্ত ভঙ্গ করেছে। সেই কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এর বেশি কিছু বলতে চাই না।’
তথ্যচিত্রটি প্রচার না করতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাকেশ সিং বিবিসিকে চিঠি দেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে বিবিসি টেলিভিশনের পরিচালক ড্যানি কোহেন ফিরতি চিঠিতে বলেন, ‘দীর্ঘ এবং সযত্ন পর্যবেক্ষণের’ পর বিবিসি তথ্যচিত্রটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইন তথ্যচিত্রটি নির্মাণ করেন। এতে তিনি ছয়জন সাজাপ্রাপ্ত আসামির একজন মুকেশ সিংয়ের সাক্ষাৎকার নেন। দীর্ঘ সাক্ষাৎকারে মুকেশ ধর্ষণের পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেন, ‘একজন ভদ্র মেয়ে রাত নয়টার দিকে ঘুরে বেড়ায় না। ধর্ষণের জন্য একজন ছেলে যতটা দায়ী, একজন মেয়ে এর চেয়ে অনেক বেশি দায়ী।’
এদিকে নির্ভয়ার বাবা তথ্যচিত্রটিতে তাঁর মেয়ের নাম এবং ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্ভয়ার বাবা গতকাল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিয়েছিলাম আমাদের মেয়ের নাম এবং ছবি না প্রকাশের জন্য। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’