বিমা বিল নিয়ে পিছু হটল মোদি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নয়টি বিরোধী দলের বিরোধিতার মুখে বিমা বিল নিয়ে কিছুটা পিছু হটেছে নরেন্দ্র মোদির সরকার। গতকাল সোমবার রাজ্যসভার কার্যসূচিতে বিমা বিল পেশ করার কথা থাকলেও সরকার তা না করার সিদ্ধান্ত নেয়। এর বদলে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। কাল বুধবার আবার সরকার ও বিরোধী দলের নেতাদের বৈঠক হবে।
বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করতে সরকার আগ্রহী। ২০০৮ সালে প্রথম এই আগ্রহ দেখিয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। সিলেক্ট কমিটি বিলটি ২০১১ সালে চূড়ান্ত করলেও কংগ্রেস সরকার তা পেশ করতে পারেনি। সে সময় বিজেপি বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ করতে আপত্তি জানিয়েছিল। অথচ এখন তারা আগ্রহী। কারণ, সরকার মনে করছে অর্থনৈতিক সংস্কারের জন্য এই আইনের সংশোধন জরুরি।
কংগ্রেস যে বিলটি চূড়ান্ত করেছিল, তাতেও ৪৯ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) কথা বলা হয়েছিল। কিন্তু যে বিলটি বিজেপি সরকার পাস করাতে চাইছে, তাতে আরও ১১টি সংশোধন আনা হয়েছে। কংগ্রেসসহ নয়টি বিরোধী দল তাই রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে চিঠি লিখে বিমা বিলটিকে সিলেক্ট কমিটির কাছে পাঠানোর দাবি জানায়। বিরোধীরা তাদের দাবিতে অটল থাকলে আর যাই হোক, মোদিকে যুক্তরাষ্ট্রে খালি হাতেই যেতে হবে।
বিজেপি চায় না, বিমা বিল সিলেক্ট কমিটিতে যাক। সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু গতকাল সংসদ ভবনে স্পষ্টই বলেছেন, তাঁরা চান আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছতে।
প্রশ্ন হলো, কংগ্রেস বিরোধিতা করছে কেন? এর প্রধান কারণ রাজনৈতিক। বিজেপি সরকার কংগ্রেসকে লোকসভার বিরোধী নেতার মর্যাদা এখনো দেয়নি। কংগ্রেসও তাই সরকারের সঙ্গে এখনই সহযোগিতার রাস্তায় হাঁটতে রাজি নয়।
সরকার অবশ্য আশা ছাড়েনি। এআইএডিএমকে, বিজু জনতা দল সরকারকে সমর্থন করবে। শারদ পাওয়ারের এনসিপিও বিমা বিলের পক্ষে। মুলায়ম ও মায়াবতীদের সমর্থন জোটালেও সরকারের পক্ষে কিছু আসনের ঘাটতি থেকেই যায়। ফলে অবস্থাটা এমন যে কংগ্রেসের ৬৮ জনের সমর্থন অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে। আগামী দুদিনের আলোচনার গতি-প্রকৃতিই ঠিক করে দেবে বিলটির ভাগ্য।