বিমান ছিনতাইয়ের আতেঙ্ক ভারতে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কাবুলগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ভারতের বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা জারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। খবর এনডিটিভির।
ভারতে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) বিমানবন্দর-সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি বড় বিমানবন্দরে যাত্রী এবং তাদের মালামালে বাড়তি তল্লাশির ব্যবস্থা করা হয়। বিমানবন্দরের কর্মীদেরও ব্যাপকভাবে তল্লাশি করা হয়। বাড়তি সতর্কতা নেওয়া হয় আফগানিস্তানগামী উড়োজাহাজগুলোতে।
সিআইএসএফের এক বিবৃতিতে বলা হয়, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। নিরাপত্তার কোনো কিছুই যাতে বাদ না পড়ে, এটি নিশ্চিত করতে এসব করা হচ্ছে।
গোয়েন্দা সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বা তালেবান যে কেউ ভারতীয় উড়োজাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে। এয়ার ইন্ডিয়া এখানে মূল লক্ষ্যবস্তু কেননা, এটি জাতীয় প্রতীক বহন করে। এ ছাড়া ভারতীয় কিছু জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার কাবুলে ভ্রমণে যাওয়ার কথা রয়েছে।