ভারতের বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৭

নরেন্দ্র মোদির পাকিস্তান সফরের এক সপ্তাহ কাটতে না কাটতেই ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়েছে। আজ শনিবার ভোরে সেনা-পোশাকধারী বেশ কয়েকজন সন্ত্রাসী এই ঘাঁটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের মোকাবিলা করতে গিয়ে পাল্টা গুলি ছোড়েন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। দুপক্ষের গুলিবিনিময়ের এ ঘটনায় চার সন্ত্রাসী ও তিন সেনা জওয়ানের মৃত্যু ঘটে। হামলার দায় কোনো জঙ্গি সংগঠন না নিলেও মনে করা হচ্ছে, পাক মদদপুষ্ট জৈশ-এ-মহম্মদই এর জন্য দায়ী।
ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ভারত সব সময়ই চায়। কিন্তু জঙ্গি আক্রমণের শিকার হলে ভারত তার যোগ্য জবাব দেবে।’ বিকেলে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর তাঁর মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। বৈঠকে বিমানবাহিনীর প্রধান অরূপ রাহা, নৌবাহিনীর প্রধান রবীন ধোয়ান, সেনাপ্রধান জেনারেল দলবীর সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। এর আগে প্রতিরক্ষামন্ত্রী ঘটনার বিস্তারিত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
এই হামলার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে রাজনীতিও। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা নিরাপত্তা বাহিনীকে বাহবা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর পাকিস্তাননীতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, মোদি যে বলেছিলেন পাকিস্তানের হঠকারিতার যোগ্য জবাব দেবেন, তার কী হলো? প্রধানমন্ত্রী একবার কড়া কথা বলছেন, পরক্ষণেই গলাগলি করছেন। পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা কোথায়?
বিজেপি এই সমালোচনার জবাবে বলছে, একটা হামলা হয়েছে বলেই কথা বন্ধ থাকবে না। কংগ্রেসের উদ্দেশে বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন, এটা রাজনীতি করার সময় নয়।
সাবেক সেনানী এবং পররাষ্ট্র বিশেষজ্ঞদের মধ্য থেকেও ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনার কার্যকারিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এই ধরনের হামলার উপযুক্ত জবাব ভারত না দিলে এই উপদ্রব বন্ধ হবে না। কেউ কেউ এমন কথাও বলছেন, দুই দেশের দুই গণতন্ত্রী সরকার কাছাকাছি এলে পাকিস্তানের সেনা ও গোয়েন্দাদের ক্ষতি। তাঁরা কিছুতেই চাইবেন না দুই প্রধানমন্ত্রীর বন্ধুত্ব বাড়ুক।
শুক্রবার দিবাগত গভীর রাত সাড়ে তিনটা নাগাদ পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটি আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে। আগের দিন শুক্রবার ভোরে জম্মু-পাঠানকোট হাইওয়েতে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি রাজ্য পুলিশের এক সুপারিনটেনডেন্টের গাড়ি ছিনতাই করে। সেই ঘটনার পরই রাজ্যের সর্বত্র রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। সতর্কতা জারি করা হয় বিমানবাহিনীর ঘাঁটিতেও, যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। সেনাবাহিনীর দুটি কলাম বিমানবাহিনীর ঘাঁটিতে মজুত করা হয়। সতর্ক করা হয় জাতীয় নিরাপত্তা বাহিনীকেও। এই সতর্কতার ফলে জঙ্গিরা বিমান ঘাঁটির টেকনিক্যাল এলাকায় যেতে পারেনি। এই এলাকাই বিমানবাহিনীর মিগ-২১ ও মিগ-২৯-এর ঘাঁটি। কিন্তু সেখানে যাওয়ার আগেই জঙ্গিরা বাধা পায়। শুরু হয় গুলির লড়াই। সকাল সাড়ে সাতটার মধ্যেই দুই পক্ষের গুলির লড়াইয়ে চার জঙ্গি ও তিন সেনা সদস্যের মৃত্যু হয়। কিছু পরে আরও একবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। জঙ্গিরা ঠিক কতজন ছিল সেই হিসাব সন্ধ্যে পর্যন্ত স্পষ্ট নয়। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আকাশপথে টহল দিচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার।
সরকারের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে, জঙ্গিদের দলটি সীমান্ত পেরিয়ে পাঠানকোটে আসার পথেই পুলিশ সুপারের গাড়ি ছিনতাই করে। সেই গাড়ি তারা বিমানবাহিনীর ঘাঁটির কাছাকাছি এসে ছেড়ে দিয়ে হেঁটে বিমানবন্দরের পেছন দিয়ে ঢোকে। হামলা চালানোর আগে জঙ্গিদের কেউ কেউ পাকিস্তানে তাদের পরিবারের সঙ্গে কথাও বলে, সেই প্রমাণ ভারতের কাছে রয়েছে বলে সরকারি সূত্রে খবর।
মাত্র সাত দিন আগে ২৫ ডিসেম্বর নরেন্দ্র মোদি আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে আচমকাই লাহোরে নেমে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেন। সেই বৈঠকের পরই ঠিক হয়, চলতি মাসের ১৫ তারিখে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিব পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় আলোচনা আবার শুরু করবেন। এই হামলার লক্ষ্য দুই দেশের প্রধানমন্ত্রীর কাছাকাছি আসা বানচাল করে দেওয়া বলে মনে করা হচ্ছে। সে জন্যই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলউল্লাহ হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। ভারতের জনতার প্রতি গভীর সমবেদনা ও নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখপাত্র বলেছেন, এই উপমহাদেশ থেকে সন্ত্রাস সমূলে উচ্ছেদ করতে ভারতসহ অন্যদের সঙ্গে পাকিস্তানও লড়াই চালিয়ে যাবে।