বিমানবন্দরেই ভারতের ভিসা পাবেন পর্যটকেরা
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জার্মানি ও জাপানের মতো ৪৩টি দেশের পর্যটকেরা সহজেই ভারতে যাওয়ার ভিসা পাবেন। এজন্য তাঁদের স্থানীয় কনস্যুলেটে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। অনলাইনেই তাঁরা ভিসার আবেদন করতে পারবেন। আর বিমানবন্দর থেকেই ভিসা নিতে পারবেন।
বিবিসির এক খবরে জানা যায়, ২০১২ সালে ভারতে ৬০ লাখ পর্যটক এসেছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন ওই ৪৩টি দেশের।
পর্যটনমন্ত্রী মহেশ শর্মা এক বিবৃতিতে জানান, পর্যটকের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে করে ভারতের পর্যটনশিল্প বিকশিত হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মহেশ শর্মা আরও বলেন, সরকারের লক্ষ্য হলো পর্যটনশিল্পকে বিকশিত করা। ভিসাপ্রক্রিয়া সহজ করার অর্থ হলো ভারত এসব দেশের সঙ্গে যাতায়াত ও যোগাযোগ সহজ করতে চায়।
এর আগে ১২টি দেশের পর্যটকেরা ভারতে পৌঁছানোমাত্র ভিসা পেতেন। বেশির ভাগ পর্যটককে আবেদনপত্র দেওয়ার পর কয়েক সপ্তাহ পর্যন্ত ভিসার জন্য অপেক্ষা করতে হতো। ভারতের গুরুত্বপূর্ণ নয়টি বিমানবন্দরে পৌঁছানোমাত্র ভিসা পাওয়ার সুবিধা রাখা হয়েছে।