বিয়েতে শৌচাগার উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের বিয়ে ঠিক। বাবা ও কাকা মেয়ের বিয়ের জন্য সোনাদানা গয়না প্রস্তুত করছেন। বিয়ের পাঁচ দিন আগে হঠাৎ মেয়ে জানতে পারেন, তাঁর শ্বশুর বাড়িতে শৌচাগার নেই। তাই বেঁকে বসলেন মেয়ে। বাবা ও কাকাকে সাফ জানিয়ে দিলেন, কোনো সোনাদানা, গয়না লাগবে না। দিতে হবে একটি শৌচাগার।

মেয়ের কথা শুনেতো সবাই হতবাক! এ কি করে হয়? অগত্যা মেয়ের দাবি মেনে নেন তাঁর বাবা ও কাকা। বিয়ের দিন যৌতুক হিসাবে কনেকে দিলেন একটি অস্থায়ী শৌচাগার। তাতে দারুণ খুশি মেয়ে ও শ্বশুর বাড়ির লোকজন। গ্রামের লোকজনতো এই শৌচাগার দেখে তাজ্জব। গত শুক্রবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের আন্দুরা গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

আন্দুরা গ্রামের মারাঠি মেয়ে চৈতালি গালাখের সঙ্গে বিয়ে ঠিক হয় দেবেন্দ্র মাকোড়ের। আর এই বিয়েতেই মেয়ের বাবা মেয়েকে দিলেন একটি অস্থায়ী শৌচাগার। শৌচাগারে রয়েছে পানির ট্যাংক, বেসিন, আয়না ইত্যাদি।

দেশের বিভিন্ন স্থানে সাধারণের ব্যবহারের জন্য সুলভ ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা এ শৌচাগার নির্মাণ করেছে।