বিয়ের আসরে পাত্রপক্ষের ১৪ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের সব আয়োজন সম্পন্ন। ৪০ জন বরযাত্রী নিয়ে পাত্রীর বাড়িতে উপস্থিত পাত্রপক্ষ। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর ঠিক আগমুহূর্তে পাত্রপক্ষ ১৪ দফা দাবি পেশ করলে বেধে যায় তুলকালাম। দুই পক্ষের বাগবিতণ্ডার পর পাত্রী ঘোষণা দেন, এমন পাত্রকে তিনি বিয়ে করবেন না।

গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার হাসখালি থানার গাজনা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাত্রের নাম সনাতন শর্মা (৩০)। তিনি পেশায় মুহরি। এ ছাড়া তাঁর একটি সেলুন রয়েছে। তাঁর বাড়ি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জে।

আমাদের কলকাতা প্রতিনিধি জানান, ঘটনার দিন পাত্রপক্ষ তাদের সঙ্গে আনা লিখিত ১৪ দফা দাবি পাত্রীপক্ষের সামনে পেশ করে এতে সই করতে বলে। দাবিনামাটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক থেকে প্রত্যায়িত করে আনা। এই দাবিনামায় রয়েছে, বিয়ের পর স্ত্রী নির্যাতনের অভিযোগ তোলা যাবে না, বনিবনা না হলে স্বামী-স্ত্রী আলাদা থাকবে কিন্তু মামলা করতে পারবে না, বিয়ের পর পাত্রীর (১৬ বছর বয়সী) কোনো কারণে মৃত্যু হলে এ নিয়ে পাত্রপক্ষকে দোষারোপ করা যাবে না ইত্যাদি।

পাত্রীপক্ষের তরফ থেকে অনুনয় করে জানানো হয়, এ দাবিনামা তাদের পক্ষে মানা সম্ভব নয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বিয়ের লগ্ন চলে যাওয়ার উপক্রম হয়। তবে পাত্রপক্ষ তাদের অবস্থানে অনড় থাকে। একপর্যায়ে পাত্রী ঘোষণা দেন, ওই পাত্রকে তিনি বিয়ে করবেন না। পাত্রীর বাবা বিশ্বনাথ প্রামাণিক ক্ষুব্ধ হয়ে বিয়ে ভেঙে দেন। যৌতুক বাবদ পাত্রপক্ষকে দেওয়া ২৫ হাজার ও বিয়ের খরচ বাবদ ২ লাখ টাকা ফেরত দেওয়ার দাবি করেন তিনি। এই দাবিতে গ্রামবাসীও একজোট হয়। পাত্রপক্ষ এতে অস্বীকৃতি জানালে গতকাল শনিবার দুপুর পর্যন্ত পাত্রসহ তাদের একটি ঘরে আটকে রাখা হয়। পরে পাত্রীপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে পাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশও এমন অভিনব দাবিনামা দেখে হতবাক।