বিরোধীদলীয় নেতাকে হেনস্তার প্রতিবাদে অধিবেশন বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা আবদুল মান্নানকে অধিবেশন থেকে বহিষ্কার এবং হেনস্তার প্রতিবাদে বিরোধী দল কংগ্রেস ও বাম দলের বিধায়কেরা গত বুধবার থেকে অধিবেশন বয়কট করছেন। তাঁরা গতকাল শুক্রবারও বিধানসভা চত্বরে প্রতিবাদ মিছিল করেছেন।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বিধানসভায় বাজেট পেশ করলেও তা বয়কট করেছে বিরোধী কংগ্রেস ও বাম দলগুলো। এ সময় বিরোধী নেতা-কর্মীরা ফটকের কাছে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে বিধানসভার নকল অধিবেশন বসিয়ে সেখানে প্রতীকী বাজেট প্রস্তাব পেশ করেন। বিরোধের সূত্রপাত গত বুধবার বিধানসভায় সরকারি সম্পত্তি ভাঙচুরসংক্রান্ত একটি বিল নিয়ে। সেদিন সকালে বিধানসভার অধিবেশন শুরু হলে বিরোধী দলের নেতা আবদুল মান্নানের নেতৃত্বে বাম দল ও কংগ্রেসের বিধায়কেরা তৃণমূল আমলে বিধানসভা ভাঙচুরের ছবি বুকে সেঁটে প্রবেশ করলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বাধা দেন। তাঁর নির্দেশ অমান্য করা হলে তিনি আবদুল মান্নানকে দুদিনের জন্য বিধানসভার অধিবেশন থেকে বহিষ্কার করেন। পাশাপাশি মান্নানকে অধিবেশন কক্ষ থেকে বের করে দিতে মার্শালকে নির্দেশ দেন। এরপর মার্শাল ও নিরাপত্তারক্ষীরা মান্নানকে বের করতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে বসে পড়েন আবদুল মান্নান। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরে গতকাল পেসমেকার বসানো হয়েছে।

২০০৬ সালের ৩০ নভেম্বর তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বিধানসভার অধিবেশন হলে হামলা চালিয়ে অনেক ভাঙচুর করেছিলেন।