
ভারতের উপরাষ্ট্রপতি পদে সর্বসম্মত বিরোধী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপালকৃষ্ণ গান্ধী। জাতির জনক মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। গতকাল মঙ্গলবার ১৮ বিরোধী দলের বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানান, গোপালকৃষ্ণ নিজেও প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত বলে জানিয়েছেন।
রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবেও গোপালকৃষ্ণ গান্ধী ছিলেন ইউপিএর পছন্দের। কিন্তু নাম ঘোষণার টালবাহানায় বিজেপি তাদের প্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম জানিয়ে দেয়। এবার বিরোধীরা আগে থেকে উপরাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করে শাসক গোষ্ঠীর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করলেন। যদিও বিজেপি সূত্র অনুযায়ী, তারা নিজেদের প্রার্থীর নাম দু-এক দিনের মধ্যেই জানিয়ে দেবে।
সোনিয়া গান্ধীর ডাকে গতকাল মোট ১৮টি দলের নেতারা বৈঠকে হাজির হন। জনতা দল (সংযুক্ত) নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এই বৈঠকে না এলেও তাঁরই দলের শীর্ষ নেতা শরদ যাদব এসেছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিতীশের ‘অসহযোগিতায়’ বিরোধীদের অনেকেই অসন্তুষ্ট। এবারে তিনি উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী করবেন, তা সবাই জানতে চান। শরদ যাদব বৈঠকে জানান, নিতীশ বিরোধী শিবিরেই আছেন।
রাষ্ট্রপতি পদে এনডিএ আগে প্রার্থীর নাম জানানোয় নিতীশের পক্ষে বিরোধিতা করা সম্ভব হয়নি, যেহেতু রামনাথ কোবিন্দ বিহারেরই রাজ্যপাল। শরদ যাদব বলেন, উপরাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধী তাঁদের দলেরও পছন্দ।
উপরাষ্ট্রপতি পদে ভোট দেওয়ার অধিকার শুধু লোকসভা ও রাজ্যসভার সদস্যদের। অঙ্কের হিসাবে সংসদের এই দুই কক্ষের ভোটদাতাদের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী প্রায় দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবেন। বিজেপির নজরে রয়েছে দেশের দক্ষিণাঞ্চল। রাজনৈতিক কারণে তাই তারা দক্ষিণের কোনো নেতাকে উপরাষ্ট্রপতি নির্বাচিত করতে চাইছে। উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার অধিবেশন সামলাতে হয়। বিজেপি তাই এই দায়িত্বে এমন একজনকে বসাতে চাইছে, যিনি তাদের দলের নীতি ও সংঘ পরিবারের আদর্শে বিশ্বাসী।