বিরোধীদের সঙ্গে দূরত্ব বাড়ছেই নীতিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই করতে ডাকা কংগ্রেসের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আসছেন না। আজ মঙ্গলবার রাজধানী দিল্লিতে বিরোধী দলগুলোর এ বৈঠক বসছে। বৈঠকের উদ্যোক্তা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে দলের সহসভাপতি রাহুল গান্ধী।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ডাকা বিরোধীদের বৈঠকেও নীতিশ আসেননি। যদিও দলীয় নেতাদের পাঠিয়েছিলেন। পরে তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন জানান। এ নিয়ে অন্য বিরোধীদের সঙ্গে তাঁর দূরত্বের সৃষ্টি হয়। সে দূরত্ব আরও বেড়েছে তাঁরই জোট সরকারের শরিক রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষনেতা লালু প্রসাদ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনা সিবিআইয়ের মামলা রুজুর সিদ্ধান্তে। বিহারে জোট সরকারের ভবিষ্যৎ নিয়েই এখন উঠে গেছে প্রশ্ন।

নীতিশ কুমার কংগ্রেসের ডাকা বৈঠকে দিল্লি আসছেন না, কারণ মঙ্গলবারেই তিনি পাটনায় দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। সে বৈঠকে রাজ্য রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি বিবেচিত হবে। গতকাল বৈঠক করেছেন লালু প্রসাদও। ওই বৈঠক শুরুর আগেই লালু-পুত্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ জানিয়ে দেন, বিরোধীদের দাবি মেনে তিনি ইস্তফা দেবেন না। তেজস্বীর দাবি তাঁর বাবা লালুর মতোই—এটি বিজেপির ‘রাজনৈতিক ষড়যন্ত্র ও চক্রান্ত’। আগামী সপ্তাহে রাজ্যে বিজেপি-বিরোধী বিশাল সমাবেশের ডাক দিয়েছেন লালু প্রসাদ। সেই সমাবেশে রাজ্যের সব বিজেপি-বিরোধী শক্তিকে উপস্থিত হওয়ার ডাক দেওয়া হয়েছে। প্রকারান্তরে এটা নীতিশের ওপর একটা চাপ সৃষ্টির চেষ্টা, যাতে তিনি জোট ভাঙার রাস্তায় না হাঁটেন।

দুর্নীতির অভিযোগে লালু-পরিবার, বিশেষ করে উপমুখ্যমন্ত্রী তেজস্বীর জড়িয়ে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ বিরক্ত। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, শুধু অভিযোগই নয়; সিবিআই মামলাও করেছে। এরপর তেজস্বীকে গ্রেপ্তার করা হলে, তাঁর মন্ত্রিপদে টিকে থাকা মুশকিল হবে। তা ছাড়া সরকারের ভাবমূর্তির ওপরেও তা হবে বড় এক আঘাত। অতএব তেজস্বীর নিজে থেকে পদত্যাগ করা উচিত। কিন্তু লালু-পুত্র এখনো সে পথে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি। ফলে মুখ্যমন্ত্রী নীতিশের সঙ্গে লালু-পরিবারের একধরনের টানাপোড়েন শুরু হয়ে গেছে। এ অবস্থায় আলগা একটা প্রস্তাব এসেছে—তেজস্বীর বদলে লালুর অন্য ছেলে তেজ প্রতাপকে উপমুখ্যমন্ত্রী করার।

লালুর পরিবারে তল্লাশি চালানোর সময় নীতিশ পাটনায় ছিলেন না। তবে গত রোববার লালুর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। দুই পক্ষই বলছে, ওই কথাবার্তায় তেজস্বীর পদত্যাগের বিষয়টি ওঠেনি।

এনডিএ প্রার্থীকে রাষ্ট্রপতি পদে সমর্থন করার পর রাজনৈতিক মহলের একাংশের ধারণা, লালু প্রসাদের দলের সঙ্গে সম্পর্ক বিষিয়ে গেলে নীতিশ বিজেপির দিকে ঝুঁকলেও ঝুঁকতে পারেন। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ডাকা কংগ্রেসের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নীতিশ নিজেই সে জল্পনাকে জিইয়ে রাখলেন।