বিলাসী শৌচাগার আনছে ভারতীয় রেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দূরপাল্লার ট্রেনে যাত্রীদের জন্য একদম বিভীষিকা হলো এর শৌচাগার। কখনো দরজা ভাঙা, তো কখনো নেই পানি। অপরিচ্ছন্নতা ও দুর্গন্ধের বিষয়ে কিছু না বলাই ভালো। সব মিলিয়ে ভারতের ট্রেনগুলোর শৌচাগারের বর্তমান ব্যবস্থা একেবারেই পরিবেশবান্ধব নয়। উল্টে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

তবে ভোগান্তি যে শুধু যাত্রীদের হয় তা নয়, অনেক সময় রেলওয়ে কর্মকর্তাদেরও পড়তে হয় যাত্রীদের রোষানলে। তবে এ বিড়ম্বনার ইতি টানতে ঢেলে সাজানো হচ্ছে ট্রেনের সব ধরনের কোচের শৌচাগার। শীতাতপনিয়ন্ত্রিত ও শীতাতপ ছাড়া সব যাতায়াতেই শৌচাগারকে সর্বোচ্চ আধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আর এই একেকটি শৌচাগার তৈরিতে রেলওয়ে কর্তৃপক্ষ বাজেট ধরছে প্রায় সাড়ে তিন লাখ রুপি করে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে চার লাখ টাকা।

আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ লক্ষ্যে কোরিয়া থেকে আনা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। পশ্চিমা ধাঁচে সাজানো হবে সব। শীতাতপনিয়ন্ত্রিত কামরার শৌচাগারে রাখা হবে সাদা নরম আলোর প্রাধান্য। থাকবে এলইডি বাতির আলোকসজ্জা। স্টিলের সিংকের জায়গায় বসবে আধুনিক বেসিন, চুরি ঠেকাতে টয়লেট সিট স্টেইনলেস স্টিলের সঙ্গে সংযুক্ত করা হবে। পানির অপব্যবহার কমাতে সেন্সর যুক্ত কল থাকবে।

কর্মকর্তারা বলছেন, শীতাতপ নয়, এমন কামরাগুলোর শৌচাগার হবে নীল রঙের। একটা ‘পশ লুক’ দেওয়া হবে এতে। দুর্গন্ধ এড়াতে লাগানো হবে স্বয়ংক্রিয় সুবাস মেশিন। হাত ধোয়ার জন্য থাকবে তরল সাবান। দরজার লক সিস্টেম থাকবে বিমানের মতো। টয়লেটগুলো হবে ‘বায়ো টয়লেট’। বর্তমান ব্যবস্থায় ট্রেনে যে টয়লেট ব্যবহার করা হয় তাতে বর্জ্য সরাসরি রেললাইনে পড়ে। বায়ো টয়লেট সেই পরিস্থিতি বদলে দেবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।