বিলুপ্ত ছিটের বাসিন্দাদের অভাব-অভিযোগ পূরণের দাবি
ভারতীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল সোমবার অধিবেশনের জিরো আওয়ারে বিলুপ্ত ছিটমহলবাসীর অভাব-অভিযোগ পূরণের দাবি তুলেছেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্বপ্নপূরণ না হওয়ায় বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতীয় ছিটমহল থেকে আসা বাসিন্দাদের অনেকেই এখন ফিরে যাচ্ছেন বাংলাদেশে। তাঁদের অভাব-অভিযোগ অবিলম্বে পূরণ করে তাঁদের দেশের মাটি না ছাড়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
সাংসদ ঋতব্রত বলেছেন, বাংলাদেশ থেকে ফিরে এসেছেন মাত্র ৯২১ জন ছিটমহলবাসী। অথচ তাঁরা এখনো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করলেও সেই অর্থ খরচের প্রশ্নে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি ছিটমহলবাসীদের উন্নয়নের জন্য অবিলম্বে ৫০ কোটি টাকা বরাদ্দের দাবি তোলেন। তিনি বলেছেন, এই মুহূর্তে এ প্রশ্নে কেন্দ্র ও রাজ্যের বৈঠকে বসে সমাধান করা উচিত। ঋতব্রতের পর কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও একই দাবি তোলেন।
গত বছরের ৩১ জুলাই রাতে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা উভয় দেশের ১৬২টি ছিটমহল বিনিময় হয়। এর পরেই দুই দেশের ছিটমহলের বাসিন্দাদের নিজেদের ইচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা থাকলেও ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের কোনো বাসিন্দা বাংলাদেশে ফিরে যাননি।
পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহল থেকে ভারতে ফিরে আসেন মাত্র ৯২১ জন ভারতীয় ছিটমহলবাসী। তাঁদের পুনর্বাসনের জন্য ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। তাঁদের জন্য অস্থায়ীভাবে ঘর নির্মাণ করে বাসস্থানের ব্যবস্থা করা হয়। দেওয়া হচ্ছে রেশন। কাজও দেওয়া হচ্ছে। ভোটার পরিচয়পত্র দেওয়ার কাজও শুরু হয়েছে। কিন্তু এতে আদৌ সন্তুষ্ট নন তাঁরা। যে স্বপ্ন নিয়ে তাঁরা এখানে এসেছেন, সে স্বপ্ন বাস্তবায়িত না হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। এখন তাঁদের মধ্যে অনেকেই ফিরে যেতে চাইছেন বাংলাদেশে তাঁদের ফেলে আসা জমিতে।
এই ফিরে যাওয়ার খবর পৌঁছে গেছে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর কেন এই ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হলো, তা জানতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। পাশাপাশি কোচবিহারের জেলা প্রশাসকের কাছেও এ নিয়ে প্রতিবেদন চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রতিবেদন পেলে জানানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
সাবেক ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক ও বর্তমানে নাগরিক অধিকার সমন্বয় কমিটির আহ্বায়ক ও সমন্বয়ক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘অনেকেই এখন তাদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ায় হতাশ হয়ে পড়েছে। ফিরে গেছে অনেকে। আবার এখন ফিরে যেতে চাইছে অনেকে।’