বিশ্ব নেতৃত্বের প্রথম সারিতে মোদি
গুজরাটের গণ্ডি পেরিয়ে দেশের দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অল্প দিনেই বিশ্ব নেতৃত্বের প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন। আগামী বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী মোদি যেন তারই প্রমাণ রাখলেন। ওবামা আমন্ত্রণ গ্রহণ করেছেন ইতিমধ্যেই।
ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রতিবছরই কোনো বিদেশি রাষ্ট্রনায়ককে আমন্ত্রণ জানানো হয়। তবে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি হয়ে আসছেন। শুধু তা-ই নয়, মোদি হচ্ছেন সেই বিরল নেতা, যাঁর আমন্ত্রণে কোনো মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের জন্য ভারতে আসছেন। আন্তর্জাতিক নেতা হিসেবে একদা একঘরে মোদি নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করেছেন, এটা নিশ্চয়ই তার আরও একটা প্রমাণ।
গতকাল শুক্রবার রাতে মোদিই প্রথমে টুইট করে ওবামাকে আমন্ত্রণের কথা জানান। প্রায় একই সঙ্গে ওয়াশিংটন জানায়, প্রেসিডেন্ট ওবামা আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভারতের কূটনীতির ইতিহাসে এইভাবে কোনো ঘোষণা এর আগে হয়নি।
সাধারণভাবে কোনো মার্কিন প্রেসিডেন্ট কখনো শুধু ভারত সফরে আসেননি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য কয়েকটি দেশেও তাঁরা সফর করেছেন। কিন্তু জানুয়ারিতে ওবামার সফর হতে চলেছে প্রধানত ভারতকেন্দ্রিক। এবং ভারতে আসার আগে-পরে তিনি পাকিস্তানে যাচ্ছেন না। ভারতকে ইদানীং যুক্তরাষ্ট্র কোন চোখে দেখছে, এই সিদ্ধান্ত তার বড় প্রমাণ। ওবামা অবশ্য শুক্রবারেই ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। তাঁকে বলেছেন, এযাত্রায় পাকিস্তানে যেতে না পারলেও সেই দেশকে তিনি মিত্র বলেই মনে করেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারত ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে ভারতই তাদের কাছে বড় বাজি। যুক্তরাষ্ট্র-ভারত-জাপান-ভিয়েতনাম অক্ষ চীনের কাছেও চিন্তার বিষয়। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় ভিয়েতনামের সঙ্গে যৌথভাবে ভারতের তেল-সন্ধানকে চীন মোটেই ভালোভাবে না নিলেও বিশেষ কিছু করতে পারছে না। এর একটা কারণ, ভারত ১২০ কোটি মানুষের বাজার, অন্য কারণ ভারতের সফল কূটনীতি।
উন্নয়নমুখী নরেন্দ্র মোদি দেশের অগ্রগতির জন্যই বাণিজ্যকে বেশি প্রাধান্য দিচ্ছেন। বাণিজ্য বিস্তারে সম্পর্ক স্থাপন জরুরি। প্রধানত সে কারণেই মোদি তাঁর শাসনকালের প্রথম ছয় মাসেই ৩০ দিন বিদেশে কাটালেন। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ তাঁকে ‘অনাবাসী প্রধানমন্ত্রী’ বললেও মোদি প্রাধান্য দিচ্ছেন দ্বিপক্ষীয় বাণিজ্যের বহর বৃদ্ধি ও দেশজ উৎপাদনের দিকে। মিয়ানমার, অস্ট্রেলিয়া ও ফিজি সফরে ১০ দিন কাটিয়ে সদ্য দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরের প্রধান লক্ষ্যও ছিল উন্নয়ন ও সম্পর্ক স্থাপন। মোদির ‘লুক ইস্ট নীতি’-তে মিয়ানমার ও অস্ট্রেলিয়ার গুরুত্ব অনেক। ওবামাকে দ্বিতীয়বারের জন্য ভারতে নিয়ে আসা মোদির কূটনীতির পাগড়ির নতুন পালক হতে চলেছে। আর পালকটা যথেষ্টই ঝলমলে।