বিশ্ব সংস্কৃতি উৎসবের কারণে দিল্লিবাসীর চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক মিলনই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাথেয়। শ্রী শ্রী রবিশঙ্করের ‘বিশ্ব সংস্কৃতি উৎসবের’ মূল মন্ত্র এটা হলেও ভারতের রাজধানী নয়াদিল্লির মানুষের দুর্ভোগ ও অশান্তি ছাড়া তিন দিনের এই সম্মেলন আর কী দিল, সে প্রশ্ন করছেন অনেকে। বিশ্বের ১৬১টি দেশের প্রায় অর্ধলক্ষ প্রতিনিধি গত শুক্রবার থেকে রাজধানীর যমুনা চরে যা করছেন, তা রাজধানীর জনগণের চরম বিরক্তির উদ্রেক করেছে।
একটা ব্যক্তিগত উদ্যোগে কেন এত ধরনের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, বিশেষ করে সেই উদ্যোগ যখন যমুনার পরিবেশ বিপন্ন করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত শ্রী শ্রী রবিশঙ্করের সংস্থা ‘আর্ট অব লিভিং’কে পাঁচ কোটি রুপি জরিমানা করা হয়। তা সত্ত্বেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন করলেন, সেই প্রশ্নও উঠেছে। সংযুক্ত জনতা দলের নেতা শারদ যাদব এই প্রশ্নের রাজনৈতিক উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে জিততে বিজেপি শ্রী শ্রী রবিশঙ্করের সমর্থন নিয়েছিল বলেই সেই ঋণ শোধ করা হলো। রবিশঙ্কর দেশের আইনের ঊর্ধ্বে নন মন্তব্য করে শারদ যাদবের দাবি, অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা দরকার। রবিশঙ্করকে অবশ্য ধরা হয়নি। পাঁচ কোটি রুপি জরিমানার মধ্যে মাত্র ২৫ লাখ আদায় করে বাকি অর্থ দেওয়ার জন্য তাঁকে বাড়তি সময়ও দেওয়া হয়েছে।
তিন দিনের এই অনুষ্ঠান বিতর্ক ছাড়াও জন্ম দিয়েছে অস্বাভাবিক যানজটের। সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীবাসীর অশান্তি ও দুর্ভোগের শেষ নেই। প্রকৃতিও বিশেষ সদয় হয়নি। আচমকা অসময়ের বৃষ্টি শুক্রবারের উৎসবের জৌলুশ অনেকটাই ফিকে করে দেয়। আজ এই উৎসবের শেষ দিন। তিন দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, ধ্যান, যোগাসন ও বিশ্ব নেতাদের বাণীর মধ্য দিয়ে মানসিক শান্তি ও প্রসন্নতার সন্ধান চলবে।