বিশ্বকাপের জোয়ার কারাগারেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপকে কেন্দ্র করে এখন ক্রিকেট উন্মাদনার জোয়ার বইছে। কারাগারের বন্দীরা সে আনন্দ থেকে বাদ যাবেন কেন? আর দেশটি যদি ক্রিকেটপাগল দেশ ভারত হয়, তাহলে তো আর কথাই নেই। ভারতের গৌহাটির এক কারাগারে আজ বৃহস্পতিবার বন্দীদের বিশ্বকাপ দেখার ব্যবস্থা করতে ব্যস্ত দিন কাটিয়েছেন কর্তৃপক্ষের নিয়োগ করা লোকজন। গতকাল বুধবার গৌহাটির এক আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁরা এ ব্যবস্থা করছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গতকাল বিচারক এ কে গোস্বামী আদেশে বলেছেন, ‘সুস্থ মনের জন্য বন্দীদেরও বিনোদনের প্রয়োজন।’ তিনি দ্রুত কর্তৃপক্ষকে বন্দীদের বিশ্বকাপ দেখার ব্যবস্থা করার নির্দেশ দেন।

ওই কারাগারের এক কর্মকর্তা জানান, তাঁরা ইতিমধ্যে সে ব্যবস্থা করার কাজ শুরু করে দিয়েছেন। নাম প্রকাশ না করার অনুরোধে তিনি এএফপিকে আরও বলেন, ‘আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। আদালতের বেঁধে দেওয়া পাঁচ দিন সময়ের মধ্যেই বন্দীদের জন্য কেবল সংযোগসহ টেলিভিশনের ব্যবস্থা করা হবে।’

ওই কারাগারের সাত বন্দী কারাগারে বিশ্বকাপ দেখার সুযোগ চেয়ে আদালতে পিটিশন দাখিল করেন। ওই পিটিশনে বলা হয়, ভারতের সংবিধান অনুযায়ী খেলা, সংবাদ ও বিনোদনের সুযোগ পাওয়া তাঁদের মৌলিক অধিকার।

উল্লেখ্য, শুধু ভারতের খেলাগুলোই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শন দেখায়। অন্য খেলাগুলো কেবল সংযোগের মাধ্যমে স্টার স্পোর্টসের চ্যানেলগুলোতে দেখতে হয়।