বিশ্বব্যাংকের সিদ্ধান্তে ভারতের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিন্ধু নদের পানি চুক্তির বিষয়ে বিশ্বব্যাংকের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি দাবির পরিপ্রেক্ষিতে সিন্ধু নদের পানি চুক্তির ব্যাপারে বিশ্বব্যাংক সালিসি আদালত স্থাপন এবং নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

অভিন্ন সিন্ধু নদে ভারতের দুটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ব্যাপারে বিশ্বব্যাংকে নালিশ করেছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু নদ চুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্যোগ নেয় ভারত। ওই চুক্তি খতিয়ে দেখার এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে বলেছিলেন, রক্ত ও পানি একই সঙ্গে বইতে পারে না। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত এল।

বিশ্বব্যাংকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘দুটি পদক্ষেপ একসঙ্গে নেওয়া আইনগতভাবে অযৌক্তিক। কিন্তু বিশ্বব্যাংক অন্যায্যভাবে দুটি পদক্ষেপ একই সঙ্গে চালানোর সিদ্ধান্ত নিচ্ছে।’ তিনি বলেন, এ ব্যাপারে আর কী পদক্ষেপ নেওয়া যায়, ভারত সরকার তা খতিয়ে দেখছে।

বিশ্বব্যাংক নিরপেক্ষ বিশেষজ্ঞদের ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে গিয়ে দুটি জলবিদ্যুৎ প্রকল্প পর্যবেক্ষণ করে পাকিস্তানের অভিযোগের ব্যাপারে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে। 

পাকিস্তান বলছে, ওই দুটি প্রকল্প ১৯৬০ সালের সিন্ধু নদের পানি চুক্তির ব্যত্যয়। প্রকল্পগুলোর ফলে নদের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে। তবে ২০১৩ সালে সালিসি আদালতে এমন একটি অভিযোগ বাতিল করে দেওয়া হয়েছিল।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের তখনকার প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে ১৯৬০ সালে ওই চুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তি অনুযায়ী কাশ্মীরের মোট ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিন নদী সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলমের পানি পাকিস্তানে যাবে, পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি পাবে ভারত। চুক্তি অনুযায়ী, পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের ২০ শতাংশ পানি ভারত কৃষি, নৌপরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। চুক্তিমতো পাওনা হলেও এত বছরে কখনো ভারত তার দাবি আদায়ে সচেষ্ট হয়নি।