বিশ্বভারতীতে ফের যৌন হেনস্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তিন ছাত্রের হাতে প্রথম বর্ষের এক ছাত্রীর যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগের রেশ কাটতে না কাটতেই নতুন এ ঘটনার খবরে ফুঁসছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী গত সোমবার বিশ্ববিদ্যালয়ের যৌন হেনস্তা প্রতিরোধ কমিটি বা বিশাখা কমিটির কাছে অভিযোগ দেন। অভিযোগে ওই শিক্ষার্থী বলেছেন, একই বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের এক ছাত্রের হাতে তিনি সম্প্রতি যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
বিশাখা কমিটির প্রধান মৌসুমী ভট্টাচার্য বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী ছাত্রী বলেন, নোট দেওয়ার নাম করে ভাস্কর্য বিভাগের ওই ছাত্র নিজ কক্ষে ডেকে নিয়ে তাঁর শ্লীলতহানি করেন।
সোমবার এই যৌন হেনস্তার কথা ফাঁস হয়ে পড়লে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়জুড়ে। স্থানীয় সাংসদ অনুপম হাজরা এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, উপাচার্য নতুন এ ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছিলেন।
এর আগে সিকিম থেকে পড়তে আসা প্রথম বর্ষের এক ছাত্রী তিন ছাত্রের হাতে শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অনিরুদ্ধ, মাসুম ও অনির্বাণ নামের তিন ছাত্রকে বহিষ্কার করেছে। মামলা হওয়ার পর পুলিশ ওই তিনছাত্রকে গ্রেপ্তারও করেছে।