বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন বিজেপির সদস্য সংখ্যা আট কোটি ৮০ লাখে উন্নীত হয়েছে। ফাইল ছবি: রয়টার্স
ভারতের ক্ষমতাসীন বিজেপির সদস্য সংখ্যা আট কোটি ৮০ লাখে উন্নীত হয়েছে। ফাইল ছবি: রয়টার্স

বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
দলীয় সূত্রের বরাত দিয়ে আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার ভারতের ক্ষমতাসীন দলটির সদস্য সংখ্যা ৮ কোটি ৮০ লাখে পৌঁছেছে।
এর আগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হতো। দলটির সদস্য সংখ্যা ৮ কোটি ৬০ লাখ।
চলতি মাসের শেষ নাগাদ দলীয় সদস্য সংখ্যা ১০ কোটি পার করার ব্যাপারে আশাবাদী বিজেপি।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় গত বছরের নভেম্বর থেকে সদস্য সংগ্রহের অভিযান শুরু করে বিজেপি। মাত্র পাঁচ মাসের ব্যবধানে দলের সদস্য সংখ্যা আট কোটি ৮০ লাখে উন্নীত হয়েছে।
আগামী ৩-৪ এপ্রিল বেঙ্গালুরুতে বিজেপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হবে। সেখানে দলীয় সদস্যের চূড়ান্ত সংখ্যা ঘোষণা করবেন বিজেপির সভাপতি অমিত শাহ।
দলের সদস্য সংখ্যা বাড়ানোর এই পরিকল্পনাটি অমিত শাহর কাছ থেকেই এসেছে। তবে সমালোচকেরা বলছেন, সদস্য সংখ্যা দিয়ে মাঠে বিজেপির প্রকৃত শক্তি বিচার করা যায় না। এমনকি তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভাব বা জনপ্রিয়তাকেও প্রতিফলিত করে না।