বিশ্বের সবচেয়ে ভারী কিশোরের ওজন কমাতে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিহির জৈন। পশ্চিম দিল্লির উত্তর নগরের ১৪ বছরের কিশোর। কয়েক মাস আগে তার মা-বাবা অস্ত্রোপচারের মাধ্যমে তার ওজন কমাতে তাকে সাকেত এলাকার ম্যাক্স হাসপাতাল নিয়ে আসেন। খুব কষ্ট হচ্ছিল তার দাঁড়াতে। তার ওজন মাপার পর চিকিৎসকের চোখ চড়কগাছ। ১৪ বছরের এই কিশোরের ওজন তখন ২৩৭ কেজি।

হাসপাতালের অভিজ্ঞ বারিয়াট্রিক সার্জন প্রদীপ চৌবির অধীনে তার চিকিৎসা চলছে। তিনি জানান, মিহির হলো বিশ্বের সবচেয়ে ভারী কিশোর, যাকে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির মধ্য দিয়ে যেতে হয়েছে।

২০০৩ সালে জন্মের সময় মিহিরের ওজন ছিল আড়াই কেজি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ওজন বেশ ভালোই বাড়ছিল। যখন তার বয়স পাঁচ বছর, তখন তার ওজন ৬০ থেকে ৭০ কেজি।

শুধু যে মিহিরের এ অবস্থা তা নয়, এ পরিবারের বেশির ভাগ মানুষই স্থূলকায়। মিহিরের মা পূজা জৈন বলেন, ‘তাই এ ব্যাপারকে এত গুরুত্বের সঙ্গে নিইনি। কিন্তু একটা সময় এল, যখন সে ওজনের কারণে ঠিকমতো হাঁটতে পারছিল না। সপ্তম শ্রেণির পর সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল। আমি ঘরে তাকে পড়াতে শুরু করি।’

২০১০ সালে প্রথম মিহিরের পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু তার বয়স খুব কম হওয়ায় চিকিৎসকেরা অস্ত্রোপচার করতে চাননি।

চিকিৎসক চৌবি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তাকে যখন প্রথম দেখি, তখন বুঝতে পারছিলাম না তার চিকিৎসা ঠিকমতো করতে পারব কি না। তার ওজন অনেক বেশি ছিল।’

বেশির ভাগ সময় ঘরে শুয়ে-বসে কাটাতে হয় মিহিরকে। তাঁর পছন্দ হলো জাঙ্ক ফুড। প্রিয় খাবারের তালিকায় প্রথম পছন্দ পাস্তা, এরপরেই রয়েছে পিৎজা।

প্রাথমিক অবস্থায় মিহিরের ওজন কমাতে খুব কম ক্যালরিযুক্ত খাবার দেওয়া হয়। তার প্রতিদিন ২৫০০ থেকে ৩০০০ ক্যালরি খাবার লাগলেও তাকে দেওয়া হয় মাত্র ৮০০ ক্যালরি খাবার।

ম্যাক্সের বারিয়াট্রিক সার্জারির প্রধান চিকিৎসক চৌবি বলেন, ‘আমি মনে করেছি, এই কিশোর এতটা নিয়ম মানতে পারবে না আর তার পরিবারও আর আসবে না। কিন্তু সবকিছুকে ভুল প্রমাণ করে দিয়ে চার সপ্তাহ পর মিহির ১০ কেজি ওজন কমিয়ে ফিরে আসে। এর দুই মাস পর মিহিরের ওজন হয় ১৯৬ কেজি।’

অস্ত্রোপচারের বিবরণ দিয়ে চৌবি বলেন, ‘আমরা এপ্রিলে তার অস্ত্রোপচার করি। অস্ত্রোপচারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অত্যধিক স্থূলকায় ব্যক্তিকে অ্যানেসথেসিয়া দেওয়া। কারণ তার জিব, গলা ও ঘাড়ে এত চর্বি জমেছিল যে তার ফুসফুসে টিউব ঢোকানো যাচ্ছিল না। ২০০ কেজি ওজনের মানুষের ক্ষেত্রে অ্যানেসথেসিয়ার ডোজ কী হবে, সে বিষয়ে কোনো গাইডলাইন নেই। তাই চিকিৎসকেরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিমিত মাত্রায় তাকে অ্যানেসথেসিয়া দেন। এরপর অস্ত্রোপচার শুরু হলে দেখা যায়, তার চামড়ার নিচে ১০-১২ ইঞ্চি পুরু চর্বি। অস্ত্রোপচারে সাধারণত যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো তার ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছিল না। তার জন্য প্রয়োজন হচ্ছিল লম্বা যন্ত্রপাতি। অস্ত্রোপচারে সময় লাগে আড়াই ঘণ্টা। তার গ্যাস্ট্রিক বাইপাস করা হয়। এর মাধ্যমে তার পরিপাকব্যবস্থাকে এমনভাবে বদলে দেওয়া হয়েছে, যাতে কম খেলেও পেট ভরা মনে হবে।

চিকিৎসক চৌবি বলেন, ‘অস্ত্রোপচারে বড় ধরনের কোনো ঝামেলা হয়নি। আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যেই মিহিরকে ছেড়ে দিতে পারব। ফলোআপ চিকিৎসায় তাকে মাঝেমধ্যে আসতে হবে।’