বিস্কুটের বাক্সে তিন দিনের শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে বিস্কুটের বাক্সে করে হাসপাতাল থেকে শিশু পাচারের চেষ্টার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাক্সের ভেতর থেকে তিন দিন বয়সী দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে বাদুরিয়ার এলাকার একটি হাসপাতালে এই ঘটনা ঘটে। ওই দুই শিশুকে ছাড়াও একটি কক্ষ থেকে ছয় বছরের একটি শিশুকে উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ওই শিশুটিকে পাচারের উদ্দেশ্যেই সেখানে আটকে রাখা হয়েছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বিএল মিনা বলেন, ওই হাসপাতাল থেকে সন্তানহীন দম্পতিদের কাছে নবজাতক শিশু বিক্রি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে বিস্কুটের বাক্স থেকে তিন দিন বয়সী দুটি নবজাতক উদ্ধার করে। তিনি বলেন, ছেলে নবজাতক তিন লাখ রুপি ও মেয়ে নবজাতক এক লাখ রুপিতে বিক্রি করা হয়। অবৈধ সন্তানের মায়েরা এই অর্থের প্রতি আকৃষ্ট হয়ে ওই হাসপাতালে গিয়ে শিশু বিক্রি করেন। আবার কোনো কোনো সময় ওই হাসপাতালে জন্ম নেওয়া অভাবী পরিবারের নবজাতক চুরির ঘটনা ঘটে। পরে তাদের বলে দেওয়া হয়, মৃত সন্তান হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অর্থকড়ি দিয়ে এসব অভিযোগ ধামাচাপা দেওয়া হয়।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, গত দুই বছরে ওই হাসপাতাল থেকে ৩০ টিরও বেশি নবজাতককে বিক্রি করে দেওয়া হয়েছে। চেন্নাই, দিল্লি ও যুক্তরাজ্যে তাদের বিক্রি করে দেওয়া হয়। পুলিশ সেই শিশু ও তাদের বাবা-মাকে শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।