বিহার ও হিমাচলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার ও হিমাচল প্রদেশে গতকাল মঙ্গলবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। 

গতকাল বিকেলে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে ৬৫ কিলোমিটার দূরে বসন্তপুর-কিংগল হাইওয়ের কাটারঘাট এলাকায় একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে যায়। এতে ২১ জনের মৃত্যু হয়। আহত হয় ছয়জন।

রাজ্য পরিবহন সংস্থার বাসটি ৩০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে কুয়াশার কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল ভোরে ঝাড়খন্ড রাজ্যের দেওঘরের শিবমন্দিরে পূজা দিয়ে ফেরার পথে বিহারের ঔরঙ্গবাদ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২২ জন।

পুলিশ জানায়, ভোরে দিল্লি-কলকাতা সড়কের পাশে পুণ্যার্থীদের বহনকারী বাসটির যাত্রীরা রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি ট্রাক এসে যাত্রীদের চাপা দিলে মারা যান ১২ জন পুণ্যার্থী।