বিহারকে ৫০ হাজার কোটির বেশি রুপির অঙ্গীকার মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় আসার চৌদ্দ মাস পর বিহার সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যটিকে ৫০ হাজার কোটিরও বেশি রুপি সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। অথচ গতকাল শনিবারের এই সফরের ঠিক আগের রাতেই এক জরিপে জানা গেল, আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারে তাঁর দল পিছিয়ে রয়েছে।
এবিপি নিউজ ও এসি নিয়েলসনের জরিপের ফল অনুযায়ী, বিহারের ২৪৩ আসনের রাজ্য বিধানসভায় নীতিশ-লালু-কংগ্রেস জোট ১২৯টি আসন জিতবে, বিজেপি জিতবে ১১২টি। শুধু আসন সংখ্যায় নয়, জরিপ বলছে ভোটের হার, জনপ্রিয়তা এবং প্রশাসনিক যোগ্যতাতেও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপিকে পেছনে ফেলে দিয়েছেন। জরিপের এই ফল নরেন্দ্র মোদির কাছে মোটেই স্বস্তির নয়।
স্বস্তির নয় বলেই গতকাল বিহারের রাজধানী পাটনায় এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পাশে বসিয়ে মোদি ৫০ হাজার কোটিরও বেশি রুপির প্যাকেজের প্রতিশ্রুতি দেন। এ ঘোষণা দিয়ে মোদি বলেন, ‘নির্বাচনের সময় ৫০ হাজার কোটির আর্থিক প্যাকেজ দেওয়ার কথা বলেছিলাম। আজ বলছি, তার চেয়েও বেশি অর্থ সাহায্য করব। ঠিক সময়ে তা ঘোষণা করব।’ মুখ্যমন্ত্রীর সামনেই প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কারণেই বিহার পিছিয়ে পড়েছে। উন্নয়ন ব্যাহত হয়েছে।’
এই সফরেই মোদি বিহারের ভোট-প্রচার শুরু করে দিলেন। নীতিশ কুমারও বসে নেই। মোদির উদ্দেশে তিনি সাতটি প্রশ্ন রেখেছেন। টুইটারে তাঁর কটাক্ষ, ‘দীর্ঘ চৌদ্দ মাস পর প্রধানমন্ত্রী বিহারে আসার ফুরসত পেলেন বলে তাঁকে ধন্যবাদ। আমরা নতুন প্রতিশ্রুতির জন্য প্রস্তুত। কিন্তু পুরোনো প্রতিশ্রুতিগুলোর কী হবে?’
মুজফফরনগরে নিজেকে মোদি উন্নয়নের বাহক বর্ণনা করে বলেন, একমাত্র বিজেপিই পারে বিহারকে এগিয়ে নিতে।