বিহারে আসন জটে এনডিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীরে এসে তরী না-ভেড়ার মতো হয়ে রইল বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শেষ বেলায় বেঁকে বসেন সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। বেসুর রামবিলাস পাসোয়ানের দলেও। ফলে আসন ভাগাভাগি নিয়ে এনডিএর জোট-জট কেটেও কাটতে চাইছে না।

আজ রোববার দিনভর এই জট কাটানোর চেষ্টা চলে। শরিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় বিজেপি সভাপতি অমিত শাহ, নির্বাচনের দায়িত্বে থাকা অনন্ত কুমার ও বিহারের ভারপ্রাপ্ত নেতা ভুপেন্দ্র যাদবের। বিজেপি সূত্রে বলা হচ্ছে, সবাইকে খুশি করে রোববারের মধ্যেই আসন সমঝোতা ঘোষণার চেষ্টা হচ্ছে।
এই অবস্থায় আজ নতুন সমস্যা সৃষ্টি হয় বিহারে। জেহানাবাদ জেলায় জিতনরামের ছেলে প্রবীণকে রাজ্য পুলিশ আটক করে। অভিযোগ, প্রবীণের গাড়িতে ৪ লাখ ৬৫ হাজার নগদ টাকা পাওয়া গেছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর গাড়িতে এত টাকা কেন সেই প্রশ্ন তুলেছে পুলিশ। তাঁদের কাছে এটা নির্বাচনী আচরণ ভঙ্গ।
শনিবার সারা দিন ধরে দফায় দফায় বৈঠকের পর বিজেপি নেতা অনন্ত কুমার জানিয়েছিলেন, কোন দল কত আসনে লড়াই করবে তা সন্ধ্যায় ঘোষিত হবে। কিন্তু তার আগেই প্রথমে জিতনরাম মাঝি ও পরে রামবিলাস পাসোয়ানের দলের সাংসদ রামকিশোর সিং জানান, আসন ভাগাভাগি নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। রাম কিশোরের দাবি, রামবিলাস শুধু নিজের পরিবার নিয়েই ভাবেন। দল নয়। দলের কথা না ভাবলে তাঁরা দল ছাড়তে বাধ্য হবেন।
অথচ ঠিক হয়েছিল, ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি লড়বে ১৬২ আসনে। তার তিন সহযোগী রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি লড়বে ৪১, উপেন্দ্র কুশাওয়ার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ২৫ ও সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির নতুন দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা লড়বে ১৫টি আসনে। জিতনরাম মাঝির সঙ্গে যে পাঁচ মন্ত্রী দল ছেড়ে বিজেপির জোটে এসেছিলেন, সেই পাঁচ সাবেক মন্ত্রীও টিকিট পাবেন তবে তাঁরা বিজেপির প্রতীকে ভোটে লড়বেন।
লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, নীতিশ কুমার ও শরদ যাদবের জনতা দল (সংযুক্ত) ও কংগ্রেস আগেই আসন ভাগাভাগি করে নিয়েছে। লালু ও নীতিশরা ১০০টি করে ও কংগ্রেস ৪০টি আসন নিয়ে ৩টি আসন ছেড়ে রেখেছিল শরদ পাওয়ারের এনসিপির জন্য। লালু তাঁর ভাগের থেকে ৪টি আসন দিতে চেয়েছিলেন মুলায়ম সিং যাদবের দল সমাজবাদী পার্টিকে। কিন্তু মুলায়ম ও শরদ পাওয়ার রাজি না হয়ে আলাদা লড়বেন ঠিক করেছেন। ছয় বামপন্থী দলও আলাদা জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। হায়দরাবাদের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) নেতা আসাউদ্দিন ওয়াইসি শনিবার হায়দরাবাদে ঘোষণা করেছেন, সীমাঞ্চলের চার জেলায় তাঁরা দলিত প্রার্থী দেবেন। শেষ বেলায় লালু-নীতিশের জোটে আসার আগ্রহ দেখিয়েছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম)। দলের নেতা শিবু সোরেন শনিবার এ নিয়ে আলোচনা করেন লালু প্রসাদের সঙ্গে।
বিহারের ভোট নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তবে রাজ্যে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর পক্ষে সহায়ক হবে বলে এই মুহূর্তে বিভিন্ন জরিপের অভিমত।