বিহারে একাই লড়বেন মুলায়ম সিং যাদব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্য বিধানসভার নির্বাচনে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টির (এসপি) ক্ষুব্ধ নেতা মুলায়ম সিং যাদব। গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে এসপি নেতা রামগোপাল যাদব দলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

সর্বভারতীয় রাজনীতিতে যে দলগুলো বিজেপিবিরোধী হিসেবে পরিচিত, সমাজবাদী পার্টি তাদের অন্যতম। কিন্তু বিহারে বিজেপিকে রুখতে লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, নীতিশ কুমার-শারদ যাদবের জনতা দল (সংযুক্ত) ও কংগ্রেস জোটবদ্ধ হলেও সেই জোটে সমাজবাদী পার্টি অথবা এনসিপির স্থান হয়নি। রাজ্য বিধানসভার মোট ২৪৩টি আসনে কোন দল কতগুলোতে লড়বে, তা এই তিন দল নিজেদের মধ্যে আগেই ভাগাভাগি করে নিয়েছে। আরজেডি ও জেডি(ইউ) ১০০টি করে এবং কংগ্রেসের জন্য বরাদ্দ হয় ৪০টি আসন। অর্থাৎ এনসিপি অথবা সমাজবাদী পার্টির জন্য বরাদ্দ থাকে মাত্র তিনটি। দুই দল এত কমে সন্তুষ্ট নয়। ফলে আলাদা লড়াইয়ের সিদ্ধান্ত। কাজেই বিজেপিবিরোধী ‘ধর্মনিরপেক্ষ শিবিরের’ ভোট-ভাগাভাগি অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে।

মুলায়মকে সন্তুষ্ট করতে লালুপ্রসাদ অবশ্য শেষ চেষ্টা একটা করেছিলেন। নিজের প্রাপ্য থেকে অতিরিক্ত দুটি আসন ছাড়তে তিনি রাজিও হয়েছিলেন। মোট পাঁচটি আসন বরাদ্দ করা হয় সমাজবাদী পার্টিকে। কিন্তু মুলায়ম ১২টি আসনের দাবিতে অনড় থাকায় আলোচনা ভেস্তে যায়।

বিহারে বিধানসভায় সমাজবাদী পার্টির কোনো বিধায়ক নেই। এনসিপির প্রভাবও রাজ্যে নগণ্য। কিন্তু এবারের নির্বাচন যেহেতু হাড্ডাহাড্ডি, সেহেতু ভোটের সামান্য ব্যবধানও বড় হয়ে উঠতে পারে। সেই হিসেবে এনসিপি ও সমাজবাদী পার্টির সিদ্ধান্ত বিজেপির পক্ষে উৎসাহজনক।

‘ধর্মনিরপেক্ষ’ শিবিরের এই বিভাজন রুখতে শীর্ষ নেতারা অবশ্য এখনো চেষ্টা চালাচ্ছেন। জেডি (ইউ) সভাপতি শারদ যাদব বলেছেন, ‘মুলায়ম সিং আমাদের পুরোনো বন্ধু। আমি তাঁর সঙ্গে দেখা করে বিষয়টি মিটিয়ে নেব। আশা করি উনি মন বদল করবেন।’