বিহারে নীতিশ-লালু মহাজোটের জয়ের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্য বিধানসভার নির্বাচন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। পাঁচ দফায় ২৪৩ আসনের এই বিধানসভার ভোট নেওয়া হয়। গতকাল পঞ্চম দফায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যম ভোটারদের মাঝে বুথ ফেরত সমীক্ষা চালায়। বেশির ভাগ সমীক্ষায় বিহারের শাসক জোট নীতিশ কুমার-লালু প্রসাদ যাদব মহাজোটের জয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
বিহার রাজ্য বিধানসভার নির্বাচন শুরু হয় ১২ অক্টোবর। ফল ঘোষণা করা হবে ৮ নভেম্বর রোববার। এবার এই রাজ্যের বিধানসভায় নীতিশ কুমার-লালু প্রসাদ যাদব ও কংগ্রেসের মহাজোটের সঙ্গে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপির নেতৃত্বাধীন এনডিএর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
এবিপি নিউজ ও এসি নিয়েলসন তাদের সমীক্ষায় বলছে, নিতীশ-লালুর মহাজোট ১৩০টি আসন পেতে পারে। এনডিএ পেতে পারে ১০৮টি আসন। টাইমস নাউ-সি তাদের সমীক্ষায় বলেছে, মহাজোট পেতে পারে ১২২টি আসন। এনডিএ পেতে পারে ১১১টি আসন।
অন্যদিকে ইন্ডিয়া টুডে-সিসিরো তাদের সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে মহাজোট পেতে পারে ১২০ আসন। এনডিএ পেতে পারে ১১৭টি আসন। টুডেজ-চাণক্য অবশ্য এনডিএকে বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দিয়েছে। তাদের সমীক্ষায় বলা হয়, এনডিএ পাবে ১৫৫টি আসন আর মহাজোট পাবে ৮৩টি আসন। আইবিএন নিউজ বলেছে, এনডিএ পাবে ৯৫টি আসন। মহাজোট পাবে ১২২টি আসন। এই পাঁচটি সমীক্ষার গড় হিসাবে বলা হয়েছে, লড়াই হবে হাড্ডাহাড্ডি। এনডিএ পেতে পারে ১১৯টি আসন। মহাজোট পেতে পারে ১১৮টি আসন।