বিহারে বিজেপি ও শরিকদের আসন সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো রকম তিক্ততা ছাড়াই বিহার বিধানসভা ভোটে বিজেপি তার সহযোগী দলগুলির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করল। ঠিক হয়েছে, ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি লড়বে ১৬২ আসনে। আর তিন সহযোগী রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি লড়বে ৪১, উপেন্দ্র কুশাওয়ার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ২৫ ও সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির নতুন দল হিন্দুস্তানী আওয়াম মোর্চা লড়বে ১৫টি আসনে। জিতনরাম মাঝির সঙ্গে যে পাঁচ মন্ত্রী দল ছেড়ে বিজেপির জোটে এসেছিলেন, সেই পাঁচ সাবেক মন্ত্রী অবশ্য বিজেপির প্রতীকে ভোটে লড়বেন।

বিজেপি ও তার সঙ্গীদের রুখতে রাজ্যের দীর্ঘদিনের প্রতিপক্ষ লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, নীতিশ কুমার ও শরদ যাদবের জনতা দল (সংযুক্ত) ও কংগ্রেস আগেই আসন ভাগাভাগি করে নিয়েছে। লালু ও নীতিশরা ১০০টি করে ও কংগ্রেস ৪০টি আসন নিয়ে ৩টি আসন ছেড়ে রেখেছিল শরদ পাওয়ারের এনসিপির জন্য। লালু তাঁর ভাগের থেকে ৪টি আসন দিতে চেয়েছিলেন মুলায়ম সিং যাদবের দল সমাজবাদী পার্টিকে। কিন্তু মুলায়ম ও শরদ পাওয়ার রাজি না হয়ে আলাদা লড়বেন ঠিক করেছেন। ছয় বামপন্থী দলও আলাদা জোট বেধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

হায়দরাবাদের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) নেতা আসাউদ্দিন ওয়াইসি আজ শনিবার হায়দরাবাদে ঘোষণা করেছেন, সীমাঞ্চলের চার জেলায় তাঁরা দলিত প্রার্থী দেবেন।

রাজ্যে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর পক্ষে সহায়ক হবে বলে বিভিন্ন জরিপের অভিমত।

ভারতের বিহার রাজ্য আলোচিত এই ভোট হবে পাঁচ দফায়। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে তা শেষ হবে ৫ নভেম্বর।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি ৯ সেপ্টেম্বর ভোটের এ সময়সূচি ঘোষণা করেন। তিনি বলেন, ফল ঘোষণা হবে নভেম্বরের ৮ তারিখে।

বিহার রাজ্য বিধানসভার মোট আসন ২৪৩, ভোটার ৬ কোটি ৬৮ লাখ।

অারও পড়ুন :