বিহার জয়ের লক্ষ্যে কিছুটা নমনীয় হয়ে বিজেপি তার শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করল। তিন শরিক দলের নেতাদের পাশে বসিয়ে গতকাল সোমবার বিজেপি সভাপতি অমিত শাহ জানান, রাজ্য বিধানসভার মোট ২৪৩টি আসনের মধ্যে বিজেপি লড়বে ১৬০টিতে, রাম বিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ৪০, উপেন্দ্র কুশাওয়ার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ২৩ এবং সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) লড়বে ২০টি আসনে। কোন দল কোন আসনে লড়বে তা পরে ঠিক হবে।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অমিত শাহ বলেন, এনডিএ এক জোট হয়ে ‘অপশাসকদের’ হাত থেকে বিহারের ‘জঙ্গলরাজ’ দূর করার লড়াইয়ে নামল। তিনি বলেন, ‘আমরা দুই-তৃতীয়াংশ আসনে জিততে চলেছি।’
মূলত জিতন রাম মাঝির জন্যই আসন ভাগাভাগির ঘোষণায় বিলম্ব হলো। জিতন রামের দাবি, বিহারে তাঁর প্রভাব রাম বিলাসের তুলনায় অনেক বেশি। ফলে তিনি ২৫ আসনের কমে সন্তুষ্ট হবেন না। বিজেপি তাঁকে ১৫টি আসন দিতে চাইলে তিনি বেঁকে বসেন। বিজেপি শেষ পর্যন্ত তাঁকে ২০টি আসন দিতে রাজি হয়। বিজেপি ১৬৫ আসনে লড়বে ঠিক করেও শেষ পর্যন্ত ১৬০টিতে লড়তে রাজি হয়ে যায়। দলের নেতা অনন্ত কুমার জানান, জিতন রাম যে জনগোষ্ঠীর নেতা, রাজ্যে সেই অতি দলিতদের ভোট ১৩ শতাংশ। এই জনগোষ্ঠীর নেতাকে অখুশি রেখে এনডিএ খুশি হতে পারে না।
জিতন রামের সঙ্গে যে পাঁচজন মন্ত্রী জনতা দল (সংযুক্ত) ছেড়েছিলেন, তাঁরা বিজেপির টিকিটে দাঁড়াবেন। তবে সেই পাঁচজনকে নিয়ে বিজেপি ১৬০টি আসনে লড়ছে কি না কিংবা জিতন রামের ২০টি আসনের মধ্যে ওই পাঁচজন রয়েছেন কি না, গতকাল কেউই তা স্পষ্ট করেনি। অবশ্য বিজেপি সূত্রের খবর, জিতন রাম মূলত তাঁর ছেলে প্রবীণের জন্য একটি ‘ভালো আসন’ এবং নিজের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজ্যের রাজ্যপালের পদ নিয়ে বেশি আগ্রহী। বিজেপির কাছ থেকে দুটি বিষয়েই তিনি নাকি আশ্বাস পেয়েছেন।
বিজেপি উৎফুল্ল হায়দরাবাদের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) নেতা সাংসদ আসাউদ্দিন ওয়াইসির সিদ্ধান্তে। পশ্চিমবঙ্গের লাগোয়া বিহারের সীমাঞ্চল বলে পরিচিত চার জেলা নিয়ে ওয়াইসি বেশি আগ্রহী। মুসলমান-অধ্যুষিত এই চার জেলা আরারিয়া, কিষেণগঞ্জ, পূর্ণিয়া ও কাটিহারে মোটামুটি ৩০টি আসন লালু-নিতীশদের দুর্গ। ওয়াইসি এখানে প্রার্থী দিলে মুসলমান ভোট ভাগাভাগিতে বিজেপির লাভ। গতকালের সংবাদ সম্মেলনে অমিত শাহকে প্রশ্ন করা হয়, বিজেপিই ওয়াইসিকে উসকেছে কি না। জবাব এড়িয়ে গিয়ে অমিত শাহ বলেন, গণতন্ত্রে সবারই অধিকার আছে নির্বাচনে লড়াই করার।