বিহারে ভোট, দোলাচলে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহার জয় না প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার—কোনটি বেশি জরুরি, ভারতের শাসক দল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে সেই দোলাচলে বিদ্ধ। ফলে অভিন্ন পণ্য ও পরিষেবা বিল (জিএসটি) পাস করাতে সেপ্টেম্বর মাসে সংসদের সংক্ষিপ্ত অধিবেশন ডাকা কতটা ঠিক হবে, তা নিয়ে সংশয়ে শাসক দল।
দোলাচলের একমাত্র কারণ বিহার বিধানসভার নির্বাচন, যা চলতি বছরের শেষে হওয়ার কথা। বিজেপির একটা বড় অংশ চাইছে না, জিএসটি বা জমি অধিগ্রহণ বিল নিয়ে সরকারের উদ্যোগ বিহারের নির্বাচনের ফলে কোনো প্রভাব ফেলুক।
সংসদের বর্ষাকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলেও তার সমাপ্তি ঘোষিত হয়নি। এটা করা হয়নি যাতে জিএসটি নিয়ে বিশেষ অধিবেশন ডাকা যায়। সংবিধান সংশোধন প্রয়োজন বলে দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি ও ভোটে বিলটি পাস হওয়া জরুরি। কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপির রাজনৈতিক সম্পর্ক যে রকম বিষিয়েছে এবং কংগ্রেস জিএসটি সমর্থনের জন্য যেসব শর্ত চাপিয়েছে, তাতে বিজেপির একাংশের মধ্যে বিল নিয়ে সংশয় দেখা দিয়েছে। দোলাচল সে জন্যই।
রাজ্যসভার সদস্যসংখ্যা এই মুহূর্তে ২৪৪। দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে দরকার ১৬৩ জনের সম্মতি। কংগ্রেসের সদস্য ৬৮। জয়ললিতার এআইএডিএমকের ১১। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এখনো সম্মতি দেননি। জনতা দলের (সংযুক্ত-জেডিইউ) সদস্য ১২। অর্থাৎ ভোটের দিন সব দলের সব সদস্য উপস্থিত থাকলেও শুধু এই তিন দলের বিরোধিতায় ১৬৩ সংখ্যায় পৌঁছানো অসম্ভব। এ ছাড়া রয়েছে বামপন্থীরা এবং কংগ্রেস সমর্থক অন্যরা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও কংগ্রেসের। ফলে সংশয়।
জিএসটি কংগ্রেসের মস্তিষ্কপ্রসূত হলেও তাদের বিলে বিজেপি কিছু বদল ঘটিয়েছে। সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, অন্তত তিনটি ক্ষেত্রে কংগ্রেস আপসে রাজি নয়। বিহার ভোটে নীতীশ ও লালুপ্রসাদের সঙ্গে সোনিয়া হাত মিলিয়েছেন। বিজেপির চিন্তা, কংগ্রেস অনড় থাকলে ভোটের স্বার্থে জেডিইউ যদি জিএসটি সমর্থন থেকে পিছিয়ে যায়, তাহলে রাজ্যসভার ভোটে কী হবে বলা কঠিন। আবার এভাবে বিলটি পাস না হলে ২০১৬ থেকে তা কার্যকর করা অসম্ভব। কারণ, এই বিলে দেশের ৫০ শতাংশ রাজ্য বিধানসভার অনুমোদন প্রয়োজন। জিএসটি পাস হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দেড় থেকে ২ শতাংশ বাড়বে।
দিল্লি বিধানসভা হারিয়ে বিজেপি তার জৌলুশ হারিয়েছে। বিহার হারালে নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি অবধারিত প্রশ্নের মুখে পড়বে।