বিহারে ভোটগ্রহণ শেষ
ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচনে চূড়ান্ত এবং পঞ্চম ধাপের ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিজেপি এবং নিতীশ কুমারের মহাজোট—উভয় পক্ষই সুবিধাজনক অবস্থানে থাকার দাবি করেছে। খবর এনডিটিভির।
বিজেপির আশা, তারা নিতীশ কুমারকে ক্ষমতাচ্যুত করতে পারবে। দলটির মতে, বিপুলসংখ্যক ভোট পড়ার মানে দাঁড়ায় ভোটাররা পরিবর্তন চান। নিতীশ কুমারের ‘মহাজোট’ বলছে, সর্বোচ্চসংখ্যক ভোটারের ভোটাধিকার প্রয়োগের মানে দাঁড়ায়, জনগণ আসলে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়।
চূড়ান্ত ধাপে গতকাল সীমাঞ্চল, মিথিলানাচল ও কোশি অঞ্চল নামে পরিচিত নয়টি জেলায় ভোট গ্রহণ করা হয়। নির্বাচনী দৌড়ে সীমাঞ্চলে মহাজোট অল্প ব্যবধানে বিজেপির চেয়ে এগিয়ে এবং মিথিলানাচলে বিজেপি শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।
প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে গতকাল যাঁদের ব্যাপারে ভোটাররা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের মধ্যে সুপুয়ালে জ্যেষ্ঠ মন্ত্রী জনতা দলের (সংযুক্ত) বিজেন্দ্র প্রসাদ যাদব, আলীনগরে রাষ্ট্রীয় জনতা দলের নেতা সিদ্দিকী উল্লেখযোগ্য।