বিহারে পরাজিত বিজেপি, এগিয়ে নিতীশ-লালুর মহাজোট
জয়ের জন্য চেষ্টার কোনো কমতি ছিল না। তবে তা কাজে আসেনি। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বড় ব্যবধানে পরাজিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন।
গত বছরের জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে মোদির দল বিজেপি। সম্প্রতি দেশটিতে ধর্মকে কেন্দ্র করে অসহিষ্ণুতা বাড়ার পরিপ্রেক্ষিতে বিহারের এই নির্বাচনকে তাঁর জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সেই পরীক্ষায় তিনি হেরে গেলেন। এই পরাজয়কে মোদির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে এ কথা মানতে নারাজ বিজেপি।
রাজ্যের ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনের ভোট আজ রোববার গণনা করা হচ্ছে। ফলাফলের প্রবণতায় দেখা যায়, বর্তমান মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মহাজোট বিপুল ব্যবধানে এগিয়ে আছে। লজ্জাজনক পরাজয়ের প্রহর গুনছে ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ১৭৩টি আসনে এগিয়ে আছে মহাজোট। বিজেপির নেতৃত্বাধীন জোট এগিয়ে ৬৩টি আসনে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ১৭৫টি আসনে এগিয়ে আছে মহাজোট। বিজেপির নেতৃত্বাধীন জোট এগিয়ে ৬১টি আসনে।
এই জয়কে ‘মানিব্যাগের বিপক্ষে নৈতিকতার জয়’ বলে অভিহিত করেছেন সংযুক্ত জনতা দলের (জেডিইউ) নেতা শারদ যাদব। বিহারের জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
রাজ্যের বিধানসভা নির্বাচনে পঞ্চম ও শেষ দফায় ভোট গ্রহণ করা হয় গত বৃহস্পতিবার। এর পর থেকে প্রকাশিত বেশির ভাগ বুথ-ফেরত জরিপে নিতীশ-লালুর মহাজোটের এগিয়ে থাকার আভাস দেওয়া হয়।