বিহারে মাওবাদী হামলায় ১০ জওয়ান নিহত
ভারতের বিহার রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের মাইন বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ১০ জন জওয়ান নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিবর্ষণে নিহত হয়েছে তিন বিদ্রোহী। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
মাওবাদী প্রভাবিত বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলার সোনাদাহ জঙ্গলে ভারতীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ মাওবাদী বিরোধী অভিযান পরিচালনার সময় অতর্কিত হামলার শিকার হয়।
সিআরপিএফের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তাঁদের কাছে তথ্য ছিল, সন্দীপ নামের এক মাওবাদী নেতার নেতৃত্বে একদল মাওবাদী ওই জঙ্গলে জড়ো হয়েছে। খবর পেয়ে সিআরপিএফের কোবরা বাহিনীর একদল জওয়ান জঙ্গলের দিকে এগোতে থাকলে মাওবাদীদের মাইন বিস্ফোরণে ১০ জওয়ান নিহত হন। আহত হন পাঁচজন। নিহত জওয়ানদের মধ্যে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক জওয়ান রয়েছেন। তাঁর নাম দীপক ঘোষ। অপর দিকে, বিস্ফোরণের পর জওয়ানদের পাল্টা গুলিবর্ষণে নিহত হয়েছেন তিন মাওবাদী।
হামলার পর আধা সামরিক বাহিনী ও পুলিশের আরও ফোর্স ওই এলাকায় অভিযানে গেলেও বিদ্রোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশের উপমহাপরিদর্শক সৌরভ কুমার এএফপিকে বলেন, ‘সেখানে আরও মাইন পোঁতা থাকতে পারে বলে সন্দেহ থাকায় গতকাল গভীর রাতে আমরা অভিযান বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে।’
২০১৪ সালের পর এটাই নিরাপত্তা বাহিনীর ওপর মাওবাদীদের বড় হামলার ঘটনা। ওই বছরের ডিসেম্বরে ছত্তিশগড়ের দুর্গম অঞ্চলে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হন। আহত হন ১২ জন।