বিহারে মাওবাদীদের পাতা মাইনে ১০ জওয়ান নিহত
ভারতের বিহার রাজ্যে মাওবাদী বাহিনীর পেতে রাখা মাইন বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১০ জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ছয় জওয়ান। সংঘর্ষে তিনজন মাওবাদীও নিহত হয়েছে।
সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফের কোবরা বাহিনীর জওয়ানেরা বিহারের আওরঙ্গবাদ জেলার সোনাদাহ জঙ্গলের দিকে রওনা হন। পথে মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে নিহত হন ১০ জওয়ান। আহত হন ছয়জন। এ সময় জওয়ানদের পাল্টা গুলিবর্ষণে মারা যায় তিন মাওবাদী।
বিস্ফোরণে সিআরপিএফের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গভীর রাত পর্যন্ত ওই সংঘর্ষ চলে।
আধা সামরিক বাহিনীটির এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, তাঁদের কাছে খবর ছিল ‘সন্দীপজি’ নামের এক নেতার নেতৃত্বে একদল মাওবাদী সোনাদাহ জঙ্গলে জড়ো হয়েছে। এ খবর পাওয়ার পর সিআরপিএফের একদল জওয়ান জঙ্গলে অভিযান চালাতে যায়। আহত জওয়ানদের গয়া ও পাটনার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ১০ জওয়ানের মধ্যে দুজন পশ্চিমবঙ্গের নদীয়া ও দিনাজপুর জেলার।
সিআরপিএফের আইজির নেতৃত্বে গোটা এলাকায় তল্লাশি অভিযান চলছিল।