তেমন কোনো উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের বিহারসহ চার রাজ্যের ১৮টি আসনের বিধানসভার উপনির্বাচন। লোকসভার তুলনায় ভোটদাতাদের উপস্থিতি বেশ কম। তবে ভোটের হারের চেয়ে বেশি উল্লেখযোগ্য, নরেন্দ্র মোদির উন্নয়নের স্লোগান, নাকি তাঁকে রুখতে আশির দশকের মণ্ডল রাজনীতি—বিহারের জনগণ এই দুইয়ের মধ্যে কাকে বেছে নেন। মোদির বিজেপিকে রুখতে এই রাজ্যে ২৩ বছরের শত্রুতা ভুলে হাতে হাতে মিলিয়েছেন রাজ্যের সাবেক দুই মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও নিতীশ কুমার।
মোট ১৮টি আসনের মধ্যে বিহারে ভোট হলো ১০ আসনে। এগুলোর মধ্যে মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দখলে ছিল ছয়টি, লালুর রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তিনটি ও নিতীশ কুমারের জনতা দল (সংযুক্ত) বা জেডির (ইউ) একটি। আর কর্ণাটক ও মধ্যপ্রদেশে ভোট হচ্ছে তিনটি করে আসনে এবং পাঞ্জাবে দুটি। লোকসভায় জেতার পর বিধানসভার এ আসনগুলো ছেড়ে দেন বিধায়কেরা। মে মাসের লোকসভা ভোটের পর এটাই দেশের প্রথম নির্বাচন। কাজেই লোকসভায় মোদির হাওয়া বিধানসভা ভোটেও বইছে কি না, তা বোঝা যাবে এই নির্বাচনে। ভোট গণনা হবে ২৫ অাগস্ট।
বিহারের ভোটে মোদির বিজয়রথ রুখতে রাজ্যের সাবেক দুই মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ ও িনতীশ কুমার দুই দশকের তিক্ততা পেছনে ফেলে হাত মিলিয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছে কংগ্রেস। ফলে ১০টি আসনে একদিকে রয়েছে লালু-নিতীশ-কংগ্রেস জোটের প্রার্থী, অন্যদিকে রয়েছে বিজেপি-লোক জনশক্তি পার্টি ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রার্থীরা।
লোকসভার ভোটে মোদি-হাওয়া দেশের অন্য রাজ্যগুলোর মতো বিহারের জাতপাতকেও ভাসিয়ে দিয়েছিল। মোট ৪০টি আসনের মধ্যে বিজেপি-এলজেপি-আরএলএসপি ৩১টি আসন পায়। উন্নয়নের স্বপ্ন দেখিয়ে, বিশেষ করে যুব সম্প্রদায়কে মোদি প্রভাবিত করতে পেরেছিলেন। গো বলয়ের চিরকালীন জাতপাতের রাজনীতি দাগ কাটতে পারেনি। বিহারে মোদির সেই প্রভাব রুখতে লালু-নিতীশ রাজনীতির কাঁটাটা পেছনের দিকে ঘোরাতে সচেষ্ট। ৮০ দশকে মণ্ডল কমিশনকে হাতিয়ার করে বিজেপির কমণ্ডলের রাজনীতির মোকাবিলা করেছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং। রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে লালু-নিতীশ সেই মণ্ডলের রাজনীতিকেই আঁকড়ে ধরেছেন। বিহার তাই আগ্রহ জাগিয়েছে।
বাকি তিন রাজ্যের আটটি আসনের মধ্যে একমাত্র কর্ণাটকে কংগ্রেসের একটি আসন রয়েছে। বাকি সবই বিজেপি অথবা সহযোগীদের। ২৫ অাগস্ট বোঝা যাবে মোদি-হাওয়া এখনো কতটা বইছে।