
দিল্লির পর বিহারেও নাক কাটা গেল বিজেপির। ২৪৩ আসনের বিধানসভায় মাত্র ৫৮টি আসন পেয়ে তাদের বিহার জয়ের স্বপ্ন অধরা থেকে গেল। আর ১৭৮ আসন পাওয়া মহাজোটের দাপটের কাছে নতজানু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের সভাপতি অমিত শাহ জুটির জৌলুশ কতটা ফিকে হয়, এখন সেটাই হয়ে দাঁড়াচ্ছে পরবর্তী আকর্ষণ। গত বিধানসভা নির্বাচনে এই জুটিকে ছাড়াই বিহারে বিজেপি-জোট ৯৪টি আসন পেয়েছিল।
মোদি-শাহ জুটিকে নিয়ে এই সংশয়ের সৃষ্টিকর্তাও তাঁরাই। কেননা লালুপ্রসাদ-নিতীশ কুমার ও সোনিয়া গান্ধীর মহাজোটের কবজা থেকে বিহার ছিনিয়ে নেওয়ার ছক কষা থেকে রণনীতি পরিচালনার একটা কণাও তাঁরা অন্য কারও হাতে ছাড়েননি। আক্ষরিক অর্থেই এবারে নির্বাচনটা তাঁরা মোদি বনাম মহাজোটে রূপান্তরিত করে ফেলেছিলেন। গোটা রাজ্যে যত হোর্ডিং, যত পোস্টার, যত ব্যানার, কোথাও মোদি-শাহ জুটি ছাড়া তৃতীয় কারও ছবি দৃশ্যমান ছিল না। স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীকে কোনো রাজ্য বিধানসভার ভোটে এত দিন ধরে এমন নিবিড় প্রচারও করতে দেখা যায়নি। প্রায় ৫০টির মতো জনসভা করেছেন শুধু মোদিই। গোটা প্রচারপর্বে রাজ্যে দলের অবিসংবাদী নেতা সুশীল মোদিকে পর্যন্ত তাঁরা পর্দানশিন করে রেখেছিলেন। বিহারের পোড় খাওয়া রাজনীতিক লালু-নিতীশ তাই শুরুতেই মোক্ষম স্লোগানটা বেছে নেন। ‘বিহারি বনাম বাহারি’ (বিহারের বনাম বাইরের)। এই একটা স্লোগানই উসকে দেয় বিহারি স্বাভিমান, যার মোকাবিলা শেষ পর্যন্ত মোদি-শাহ জুটি করে উঠতে পারেননি।
নির্বাচন অনেকটাই পাটিগণিত হলেও কিছুটা রসায়নও বটে। দীর্ঘ দুই দশকের শত্রুতা ভুলে লালু-নিতীশ হাত মেলালেন। তাতে যোগ দিলেন সোনিয়া গান্ধী। জাতপাতের রাজ্য বিহারে এই জাতভিত্তিক পাটিগণিত কোল পেতে দেয় মহাজোটের নায়কদের। যাদব+কুর্মি+অনগ্রসর+মুসলমান ভোটের সঙ্গে ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ হয়ে দাঁড়ায় কংগ্রেসের ভোট। জোট প্রার্থীদের জন্য “ভোট ট্রান্সফার”-এর উদাহরণ বিহারি রাজনীতিতে বিরল। এর সুফল সবার ঝুলিতে। বিশেষত কংগ্রেসের। না হলে আসনসংখ্যা চার থেকে বেড়ে ২৭ হয় না!
এর মোকাবিলায় বিজেপি দলে টানে অতি অনগ্রসর নেতা জিতন রাম মাঝিকে, যিনি এতকাল ধরে নিতীশের ছায়ায় রাজনীতি করে এসেছেন। দলিত নেতা রামবিলাস পাসোয়ান, অনগ্রসর নেতা উপেন্দ্র কুশওয়া লোকসভার ভোটের আগেই বিজেপির সঙ্গী হয়েছিলেন। জিতন রামকে পাশে টেনে বিজেপি ভেবেছিল বিহার জিততে তাদের ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ সম্পূর্ণ। কিন্তু নিম্নবর্ণ ও অন্যান্য শ্রেণির জন্য সরকারি চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য বিজেপির কফিনের একটা বড় পেরেক হয়ে দাঁড়ায়। এমন ‘আত্মঘাতী’ গোল জাতভিত্তিক রাজ্যে এ ধরনের ‘হাই ভোল্টেজ’ রাজনীতির লড়াইয়ে ইদানীং দেখা যায়নি।
অবশ্য শুধু মোহন ভাগবতকে দোষ দিয়ে লাভ নেই। দিল্লির অদূরে উত্তর প্রদেশের দাদরিতে বিসাদা গ্রামে গরু-বিতর্কে খুন হয়ে যাওয়া মহম্মদ ইকলাখ ও তাঁর পর বর্ণ হিন্দুদের সঙ্গে রেষারেষিতে দুই দলিত শিশুর মৃত্যুর পর প্রধানমন্ত্রী ও বিজেপি যখন তীব্র সমালোচিত, তখন সাবেক সেনাপ্রধান ও মোদির মন্ত্রিসভার সদস্য ভি কে সিংয়ের ‘কুকুর-মন্তব্য’ দলিতদের বিস্মিত করে তোলে। কিংবা ‘বিজেপি হারলে পাকিস্তানে বাজি ফুটবে’ বলে অমিত শাহর সেই অমর-উক্তি। ভোটের রাজনীতিতে এসব মন্তব্য প্রতিদ্বন্দ্বীদের হাতে সব সময় বাড়তি হাতিয়ার তুলে দেয়। বিহারেও দিয়েছে।
গরু-বিতর্ক যখন তুঙ্গে, সে সময় সুশীল মোদিও বুক বাজিয়ে বলে দিলেন, ক্ষমতায় এলে তাঁরাও বিহারে গো-মাংস নিষিদ্ধ করবেন। লালু-নিতীশদের হাতে গরুও একটা বাড়তি হাতিয়ার হয়ে দাঁড়ায়। অসহিষ্ণুতার বিরুদ্ধে দেশের সুস্থ মন যখন ক্ষুব্ধ ও উদ্বিগ্ন, চারদিক থেকে প্রতিবাদ ও প্রশ্ন সত্ত্বেও মোদি যখন নির্বাক, লড়াইটাকে যখন তাঁরা বাম ও কংগ্রেসের ‘দাক্ষিণ্যভোগীদের চক্রান্ত’ বলে পাশ কাটাতে ব্যস্ত, তখন মোদিরা টেরও পেলেন না, এ ধরনের ঘটনায় তাঁর উন্নয়নের স্লোগানটা জোলো হয়ে গেছে। তাঁর প্রতি যাঁরা ভরসা রেখেছিলেন, তাঁরা হতাশ। এভাবে দ্রুত ‘সবকা সাথ সবকা বিকাশ’ থেকে সমাজের একটা বড় অংশ নিজেদের বিচ্ছিন্ন ভাবতে শুরু করে দেয়। ভোটের বিশ্লেষণ করতে গিয়ে বিজেপি দেখছে, দলিত, অতি দলিত ও অনগ্রসর মানুষের একটা বড় অংশ ভোট-সন্ধিক্ষণে মহাজোটকেই ত্রাতা হিসেবে বরণ করে নিয়েছে।
ভোট যত এগিয়েছে, বিজেপি ততই বুঝেছে হাতের রাশ আলগা হয়ে আসছে। তৃতীয় পর্ব থেকে বিজেপি তাই উন্নয়নের হাঁক থেকে সরে এসে ধর্মীয় মেরুকরণের আশ্রয় নেয়। লালু ও নিতীশের ধর্মনিরপেক্ষতার নীতিকে এই সময় থেকেই আঁকড়ে ধরতে ভালোবেসেছে বিহারের শান্তিকামী মানুষ। মুসলমান জনতাও এই একই কারণে অন্ধ্র প্রদেশের আসাউদ্দিন ওয়াইসিকে গুরুত্ব দিতে চায়নি। ধর্ম-নির্বিশেষে আমজনতা লালু-নিতীশের ওপরেই ভরসা রেখেছে। ভোটের ফলই তার প্রমাণ। গত বিধানসভায় লালুর দল ২২টি আসন পেলেও এবার পেয়েছে ৮০টি। তবে নিতীশের দল ১১৫ থেকে হয়ে গেছে ৭১, যদিও তা তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন লালু।
এই ভোটে বিরাট বড় হয়ে উঠেছে প্রশাসক হিসেবে নিতীশের ভাবমূর্তি। লালু-জমানা যতটা জঙ্গলরাজের প্রতীক, নিতীশ-জমানা ততটাই সুশাসনের বিজ্ঞাপন। বিহারের নারীরা তাই ঢেলে ভোট দিয়েছে নিতীশকে। এই আস্থা নিতীশের অর্জিত। মোদি-শাহর কটাক্ষ সেই আস্থায় টোল ফেলতে পারেনি। মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে বিজেপির সিদ্ধান্তহীনতা সেই আস্থাকে বরং আরও বাড়িয়ে দিয়েছে।
বিজেপিতে এত দিন পর্যন্ত চ্যালেঞ্জহীন মোদি-শাহ জুটির ভবিষ্যৎ এরপর এতটা কুসুমকোমল থাকতে পারে না। এটা যেমন সত্য, তেমনই সত্য মহাজোটের এই বিস্ময়-জয় নিতীশকে রাজ্যস্তর থেকে অবশ্যই জাতীয় পর্যায়ে উন্নীত করবে। দুর্ভাগ্য লালু প্রসাদের। আরও নয় বছর ভোটে লড়ার সুযোগ পাবেন না তিনি। তারপরেও নিতীশের মতো তিনি নিজেকে জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক করে তুললেন। তবে বিহারের ধাক্কার ঢেউ আগামী বছর আসামেও আছড়ে পড়বে কি না, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে গেছে। কারণ, বিহারের মতো আসামও বিজেপির মাছের চোখ।
বিজেপির এই হাল অব্যাহত থাকলে রাজ্যসভায় তাদের উপস্থিতিরও বিশেষ হেরফের ঘটবে না। অথচ সেই ভারসাম্যহীনতা দূর করতে না পারলে গুরুত্বপূর্ণ বিলের ক্ষেত্রে বিজেপিকে বিরোধীদের চাপের কাছে মাথা নোয়াতেই হবে। বিহারের ফল সেই আগামীর ইঙ্গিতবাহী এবং অবশ্যই তা নরেন্দ্র মোদির কাছে সুসময় হবে না।
বিহারের নির্বাচন
মোট আসন ২৪৩
জোট আসন
মহাজোট ১৭৮
বিজেপি জোট ৫৮
অন্যান্য ৭
মোট ২৪৩