বিহারে রেলস্টেশনে মাওবাদীদের হামলা

বিহারের একটি রেলস্টেশনে মাওবাদীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে মুঙ্গের জেলায় জামালপুর-কিউল রুটের মসুদান স্টেশনে ভাঙচুর করে তারা। একপর্যায়ে মাওবাদীরা স্টেশনে আগুন লাগিয়ে দেয়।
এতে পুড়ে যায় স্টেশনের মূল্যবান সম্পদ। বন্ধ হয়ে যায় সিগন্যাল ব্যবস্থা। হামলার পর মাওবাদীরা ওই স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুকেশ কুমার ও এক রেলকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। সেই সঙ্গে তারা ঘোষণা করে ওই পথে ট্রেন চালানো যাবে না।
আজ বুধবার সকালে রেল কর্তৃপক্ষ ট্রেন চালানো শুরু করলে মাওবাদীরা ফের হুমকি দেয়, ট্রেন চালানো হলে হত্যা করা হবে অপহৃত দুই রেলকর্মীকে। এরপর রেল কর্তৃপক্ষ আবার বন্ধ করে দেয় ওই পথে ট্রেন চালানো।
সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, বিহারের ওই এলাকাটি মাও অধ্যুষিত এলাকা। ওই এলাকায় মাওবাদীদের দমনের জন্য গত ১৮ ডিসেম্বর থেকে পুলিশ অপারেশন গ্রিন হান্ট শুরু করেছে। আজ ২০ ডিসেম্বর ওই অপারেশন শেষ হওয়ার কথা। এর মধ্যেই গতকাল গভীর রাতে ১৫ সদস্যের মাওবাদীদের একটি দল হামলা চালায় মসুদান রেলস্টেশনে। হামলাকারীদের ওই দলে মহিলা মাওবাদী সদস্যরাও ছিলেন বলে জানা গেছে।
এর আগে মাওবাদীরা বিহারে ট্রেন, রেলস্টেশন ও মোবাইল টাওয়ারেও হামলা চালিয়েছে। গত আগস্টে বিহারের লক্ষীসরাই জেলায় তারা একটি ট্রেন ছিনতাই করেছিল। এ বছরের মার্চে ওডিশার দোইকাল্লু স্টেশনে হামলা চালিয়েছিল। টিফিন বক্সে বোমা রেখেছিল স্টেশন মাস্টারের রুমে।