বিহারে 'বিহারি বনাম বাহারি' স্লোগানের জয়

দিল্লির পর বিহারেও নাক কাটা গেল বিজেপির। ২৪৩ আসনের বিধানসভায় মাত্র ৫৮ আসন পেয়ে তাদের বিহার জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। ১৭৮ আসন পাওয়া মহাজোটের দাপটের কাছে নতজানু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দল সভাপতি অমিত শাহ জুটির জৌলুস কতটা ফিকে হয় অতঃপর সেটাই হয়ে দাঁড়াচ্ছে পরবর্তী আকর্ষণ।
মোদি-শাহ জুটিকে নিয়ে এই সংশয়ের সৃষ্টিকর্তাও তাঁরাই। কেননা, লালু প্রসাদ-নীতিশ কুমার ও সোনিয়া গান্ধীর মহাজোটের কব্জা থেকে বিহার ছিনিয়ে নেওয়ার ছক কষা থেকে রণনীতি পরিচালনার একটা কণাও তাঁরা অন্য কারো হাতে ছাড়েননি। আক্ষরিক অর্থেই এবারের নির্বাচনটা তাঁরা মোদি বনাম মহাজোটে রূপান্তরিত করে ফেলেছিলেন। গোটা রাজ্যে যত হোর্ডিং, যত পোস্টার, যত ব্যানার, কোথাও মোদি-শাহ জুটি ছাড়া তৃতীয় কারো ছবি দৃশ্যমান ছিল না। স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীকে কোনো রাজ্য বিধানসভার ভোটে এত দিন ধরে এমন নিবিড় প্রচারও করতে দেখা যায়নি। প্রায় ৫০টার মতো জনসভা করেছেন শুধু মোদিই। গোটা প্রচারপর্বে রাজ্যে দলের অবিসংবাদিত নেতা সুশীল মোদিকে পর্যন্ত তাঁরা পর্দানসীন করে রেখেছিলেন। বিহারের পোড় খাওয়া রাজনীতিক লালু-নীতিশ তাই শুরুতেই মোক্ষম স্লোগানটা বেছে নেন। ‘বিহারি বনাম বাহারি’। এই একটা স্লোগানই উস্কে দেয় বিহারি স্বাভিমান, যার মোকাবিলা শেষ পর্যন্ত মোদি-শাহ জুটি করে উঠতে পারেননি।
নির্বাচন অনেকটাই পাটিগণিত হলেও কিছুটা রসায়নও বটে। দীর্ঘ দুই দশকের শত্রুতা ভুলে লালু-নীতিশ হাত মেলালেন। তাতে যোগ দিলেন সোনিয়া গান্ধী। জাতপাতের রাজ্য বিহারে এই জাত-ভিত্তিক পাটিগণিত কোল পেতে দেয় মহাজোটের নায়কদের। যাদব+কূর্মি+অনগ্রসর+মুসলমান ভোটের সঙ্গে ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ হয়ে দাঁড়ায় কংগ্রেসের ভোট। এর মোকাবিলায় বিজেপি দলে টানে অতি অনগ্রসর নেতা জিতন রাম মাঝিকে, যিনি এতকাল ধরে নীতিশের ছায়ায় রাজনীতি করে এসেছেন। দলিত নেতা রামবিলাস পাসোয়ান, অনগ্রসর নেতা উপেন্দ্র কুশওয়া লোকসভার ভোটের আগেই বিজেপির দোসর হয়েছিলেন। জিতন রামকে পাশে টেনে বিজেপি ভেবেছিল বিহার জিততে তাদের ‘স্যোশাল এঞ্জিনিয়ারিং’ সম্পূর্ণ। কিন্তু সংরক্ষণ নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য বিজেপির কফিনের একটা বড় পেরেক হয়ে দাঁড়ায়। এমন ‘সেমসাইড’ গোল জাত-ভিত্তিক রাজ্যে এই ধরনের ‘হাই ভোল্টেজ’ রাজনীতির লড়াইয়ে ইদানিং দেখা যায়নি।
অবশ্য শুধু মোহন ভাগবতকে দোষ দিয়ে লাভ নেই। দিল্লির অদূরে উত্তর প্রদেশের দাদরিতে বিসাদা গ্রামে গরু-বিতর্কে খুন হয়ে যাওয়া মহম্মদ ইকলাখ ও তার পর বর্ণহিন্দুদের সঙ্গে রেষারেষিতে দুই দলিত শিশুর মৃত্যুর পর প্রধানমন্ত্রী ও বিজেপি যখন তীব্র সমালোচিত, তখন সাবেক সেনাপ্রধান ভি কে সিংয়ের ‘কুকুর-মন্তব্য’ দলিতদের বিস্মিত করে তোলে। কিংবা ‘বিজেপি হারলে পাকিস্তানে বাজি ফুটবে’ বলে অমিত শাহর সেই অমর-উক্তি। ভোটের রাজনীতিতে এই সব মন্তব্য প্রতিদ্বন্দ্বীদের হাতে সব সময় বাড়তি হাতিয়ার তুলে দেয়। বিহারেও দিয়েছে।
গরু-বিতর্ক যখন তুঙ্গে, সে সময় সুশীল মোদিও বুক বাজিয়ে বলে দিলেন, ক্ষমতায় এলে তাঁরাও বিহারে গো-মাংস নিষিদ্ধ করবেন। লালু-নীতিশদের হাতে গরুও একটা বাড়তি হাতিয়ার হয়ে দাঁড়ায়। অসহিষ্ণুতার বিরুদ্ধে দেশের সুস্থ মন যখন ক্ষুব্ধ ও উদ্বিগ্ন, চার দিক থেকে প্রতিবাদ ও প্রশ্ন সত্ত্বেও মোদি যখন নির্বাক, লড়াইটাকে যখন তাঁরা বাম ও কংগ্রেসের ‘দাক্ষিণ্যভোগীদের চক্রান্ত’ বলে পাশ কাটাতে ব্যস্ত, তখন মোদিরা টেরও পেলেন না, এই ধরনের ঘটনায় তাঁর উন্নয়নের স্লোগানটা জোলো হয়ে গেছে। তাঁর প্রতি যাঁরা ভরসা রেখেছিলেন তাঁরা হতাশ। এইভাবে অতি দ্রুত ‘সবকা সাথ সবকা বিকাশ’ থেকে সমাজের একটা বড় অংশ নিজেদের বিচ্ছিন্ন ভাবতে শুরু করে দেয়। ভোটের বিশ্লেষণ করতে গিয়ে বিজেপি দেখছে, দলিত, অতি দলিত ও অনগ্রসরদের একটা বড় অংশ ভোট-সন্ধিক্ষণে মহাজোটকেই ত্রাতা হিসেবে বরণ করে নিয়েছে।
ভোট যত এগিয়েছে, বিজেপি ততই বুঝেছে হাতের রাশ আলগা হয়ে আসছে। তৃতীয় পর্ব থেকে বিজেপি তাই উন্নয়নের হাঁক থেকে সরে এসে ধর্মীয় মেরুকরণের আশ্রয় নেয়। লালু ও নীতিশের ধর্মনিরপেক্ষতার নীতিকে এই সময় থেকেই আঁকড়ে ধরতে ভালবেসেছে বিহারের শান্তিকামী মানুষ। মুসলমান জনতাও এই একই কারণে অন্ধ্র প্রদেশের আসাসাউদ্দিন ওয়াইসিকে গুরুত্ব দিতে চায়নি। ধর্ম নির্বিশেষে আম জনতা লালু-নীতিশের ওপরেই ভরসা রেখেছে।
এই ক্ষেত্রে বিরাট বড় হয়ে উঠেছে প্রশাসক হিসেবে নীতিশের ভাবমূর্তি। লালু-জমানা যতটা জঙ্গলরাজের প্রতীক, নীতিশ-জমানা ততটাই সুশাসনের বিজ্ঞাপন। বিহারের নারী তাই ঢেলে ভোট দিয়েছে নীতিশকে। এই আস্থা নীতিশের অর্জিত। মোদি-শাহর কটাক্ষ সেই আস্থায় টোল ফেলতে পারেনি। মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে বিজেপির সিদ্ধান্তহীনতা সেই আস্থাকে বরং আরো বাড়িয়ে দিয়েছে।
বিজেপিতে এতদিন পর্যন্ত চ্যালেঞ্জহীন মোদি-শাহ জুটির ভবিষ্যৎ এর পর এতটা কুসুম-কোমল থাকতে পারে না। এটা যেমন সত্য, তেমনই সত্য মহাজোটের এই বিস্ময়-জয় নীতিশকে রাজ্যস্তর থেকে অবশ্যই জাতীয় পর্যায়ে উন্নীত করবে। এই ধাক্কার ঢেউ আগামী বছর আসামেও আছড়ে পড়বে কি না সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে গেছে। কারণ, বিহারের মতো আসামও বিজেপির মাছের চোখ।
বিজেপির এই হাল অব্যাহত থাকলে রাজ্যসভায় তাদের উপস্থিতিরও বিশেষ হেরফের ঘটবে না। অথচ সেই ভারসাম্যহীনতা দূর করতে না পারলে গুরুত্বপূর্ণ বিলের ক্ষেত্রে বিজেপিকে বিরোধীদের চাপের কাছে মাথা নোয়াতেই হবে। বিহারের ফল সেই আগামীর ইঙ্গিতবাহী। এবং অবশ্যই তা নরেন্দ্র মোদির কাছে সুসময় হবে না।