বিহারেও বন্ধ হচ্ছে বেআইনি কসাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিহারেও বন্ধ করে দেওয়া হবে বেআইনি কসাইখানা। বিহার রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী পশুপতি কুমার পারাস এ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেমে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার লড়েছিলেন তাঁদের জোটসঙ্গী আরজেডি নেতা লালুপ্রসাদ ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে। এই লড়াই করতে গিয়ে মাত্র দুই বছরের মধ্যে ভেঙে যায় লালু-নিতীশের জোট সরকার ও মন্ত্রিসভা।

এরপরই জনতা দলের (সংযুক্ত) নেতা নিতীশ কুমার জোট বাঁধেন বিজেপির সঙ্গে। বিজেপিকে নিয়ে গড়েন ২৯ সদস্যের মন্ত্রিসভা। বিহারে হয়ে যায় জেডিইউ-আরজেডি সরকারের পরিবর্তে নিতীশ কুমারের এনডিএ সরকার। ফের ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী হন নিতীশ কুমার আর উপমুখ্যমন্ত্রী হন বিজেপির সুশীল কুমার মোদি। এই নিতীশ কুমার ছিলেন ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। বিজেপির সঙ্গে সরকার গড়তে গিয়ে নিজেকে তিনি পাল্টে ফেললেন। তাঁর সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী পশুপতি কুমার পারাস সম্প্রতি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণর পরপরই ঘোষণা দেন, রাজ্যে বেআইনি কসাইখানা বন্ধ করে দেওয়া হবে।

এর আগে উত্তর প্রদেশে ক্ষমতায় এসে বিজেপির নেতা যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ জারি করেন। তারও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দেশের পশুর হাট ও পশুর বাজারগুলোতে গবাদিপশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন। এবার বিহারের ষষ্ঠবারের মুখ্যমন্ত্রী হয়ে নিতীশ কুমারের এনডিএ সরকার ঘোষণা করেছে, বিহারেও বেআইনি কসাইখানা বন্ধ করা হবে।

বিহারে ১ হাজার ৪৯০টি কসাইখানা রয়েছে। প্রশাসন সূত্রে বলা হয়, এর মধ্যে মাত্র দুটি কসাইখানা বাদে সব কয়টি বেআইনি। রাজধানী পাটনাতেই রয়েছে ১২টি বেআইনি কসাইখানা। সংবাদমাধ্যম সূত্রে আরও বলা হয়েছে, বিহারে সবচেয়ে বেশি বেআইনি কসাইখানা রয়েছে কিষানগঞ্জ ও পূর্ণিয়া জেলায়। গত বৃহস্পতিবারও ভোজপুর জেলায় গরুর মাংস পরিবহনের অভিযোগে একটি বেআইনি কসাইখানার কর্মীদের মারধর করেন বজরং দলের সমর্থকেরা। এরপরই ওই কসাইখানা বন্ধ করে দেয় প্রশাসন।