বিহারের বিধানসভার ভোট হবে পাঁচ দফায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্য বিধানসভার আলোচিত ভোট হবে পাঁচ দফায়। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে তা শেষ হবে ৫ নভেম্বর। বিহারের এবারের ভোট নিয়ে এত আলোচনার কারণ বিজেপি এবং লালু প্রসাদ-নীতীশ কুমারের কাছে এটি বাঁচা-মরার লড়াই।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি গতকাল বুধবার ভোটের এ সময়সূচি ঘোষণা করেন। তিনি বলেন, ফল ঘোষণা হবে নভেম্বরের ৮ তারিখে।
বিহার রাজ্য বিধানসভার মোট আসন ২৪৩, ভোটার ৬ কোটি ৬৮ লাখ।
গত মঙ্গলবার বিহারের ভোট নিয়ে নির্বাচন কমিশনে দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, উৎসবের মৌসুমের মধ্যে ভোট হলেও দীপাবলির আগেই তা শেষ করিয়ে ফল ঘোষণা করা হবে। দ্বিতীয়ত, বিহারের ভোট-স্পর্শকাতরতার কথা মাথায় রেখে নিরাপত্তারক্ষী মোতায়েনের জন্য পর্যাপ্ত সময় রাখতে হবে। এ কারণে প্রতি দফার ভোটের মধ্যে তিন-চার দিনের ব্যবধান রাখা হয়েছে। দুর্গাপূজা ও নবরাত্রির জন্য দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটের ব্যবধান ১২ দিনের। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বলেছেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করাই কমিশনের লক্ষ্য।
বিজেপি ও তার সঙ্গীদের রুখতে রাজ্যের দীর্ঘদিনের প্রতিপক্ষ লালু প্রসাদ ও নীতীশ কুমার জোট বেঁধেছেন। সঙ্গে আছে কংগ্রেস। বিজেপি লোকসভা ভোটে এই রাজ্যে সঙ্গে পেয়েছিল রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি ও উপেন্দ্র কুশাওয়ার রাষ্ট্রীয় লোক সমতা পার্টিকে। এবার বিধানসভার ভোটে বিজেপি জোটে টেনেছে নীতীশের দল থেকে বিতাড়িত সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝিকে। তিনি নতুন দল গড়েছেন, নাম হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম)। লালু-নীতীশ-সোনিয়ার জোটে আসবেন আসবেন করেও মুলায়ম সিং যাদব ও শারদ পাওয়ার সরে গেছেন শেষ মুহূর্তে। ছয় বামপন্থী দলও নিজেদের মধ্যে জোট বেঁধে আলাদাভাবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রকৃত অর্থে বিহারের ভোটযুদ্ধ হতে চলেছে ত্রিমুখী।