বিহারের ভোট-যুদ্ধে সাম্প্রদায়িকতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহার ভোট-যুদ্ধের ঠিক মাঝপথে যুযুধান দুই শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো সাম্প্রদায়িক প্রচারের অভিযোগ তুলে। আজ শুক্রবার প্রথমে গেলেন বিজেপি নেতারা, তারপর মহাজোট। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে কমিশন অবশ্য কোনো মন্তব্য করেনি।

বিজেপি প্রতিনিধিদলে ছিলেন সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার বিহারে এক জনসভায় তিনি বলেন, ভুল করেও যদি বিজেপি হেরে যায়, তা হলে পাকিস্তানে বাজি পুড়বে। তাঁর এই মন্তব্য সরাসরি সাম্প্রদায়িকতায় উসকানি, এই অভিযোগ গতকালই তোলেন মহাজোটের নেতারা। বিজেপি সভাপতি আজ দলীয় অন্য নেতাদের নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে মহাজোটের বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচার চালানোর অভিযোগ জানান। এক ঘণ্টা পর সেখানে গিয়ে একই অভিযোগ করেন কংগ্রেস, জনতা দল (সংযুক্ত) ও আরজেডি নেতারা। তাঁদের অভিযোগ, ভোটের আগে থেকেই বিজেপি নানাভাবে সাম্প্রদায়িক জিগির তুলে ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালাচ্ছে। গরুর মাংস নিষিদ্ধকরণ তার একটা বড় প্রমাণ। সিপিএমের পলিটব্যুরোও সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছে। ঠিক হয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে তারা এই প্রসঙ্গে সরব হবে।

পাকিস্তান নিয়ে অমিত শাহ এই মন্তব্য কেন করলেন, তার রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। কেন বললেন ‘যদি বিজেপি হেরে যায়’? তবে কি বিজেপির বিহার জয় হচ্ছে না? মহাজোটের নেতারা কমিশনকে বলেছেন, হেরে যাওয়ার আশঙ্কায় বিজেপি এখন পাকিস্তানকে টেনে এনে হিন্দু-ভোট কাছে টানতে আগ্রহী।

মহাজোটের দাবি, প্রথম দুই দফার ভোটে তারা অনেকটাই এগিয়ে। তৃতীয় দফায় বিজেপির বিশেষ সুবিধে হয়নি। পরের দুই রাউন্ড নিয়েও তারা সংশয়ে। মরিয়া অমিত শাহ তাই ধর্মীয় মেরুকরণের রাস্তায় নেমেছেন।

নীতিশ কুমার ‘বিহারি’ বনাম ‘বাহারি’ (বাইরের লোক) প্রসঙ্গ তুলেছিলেন বিজেপি মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নটি ঊহ্য রাখায়। মোদিকে ‘বাহারি’ উল্লেখ করে নীতিশের প্রশ্ন, বিহারের ভাগ্য বিহারবাসী ঠিক করবে, না বাইরের কেউ? এত দিন মোদি ‘বাহারি’ নিয়ে তেমন সরব হননি। কিন্তু শুক্রবার মজফফরপুরের জনসভায় মোদি ‘বাহারি’ প্রসঙ্গে সরাসরি সোনিয়া গান্ধীকে টেনে আনেন। জানতে চান, তিনি যদি ‘বাহারি’ হন, সোনিয়া গান্ধী তা হলে কী? কংগ্রেস বলেছে, কোণঠাসা বিজেপি কতটা মরিয়া এ থেকেই তার প্রমাণ মিলছে।