বিহারের মুখ্যমন্ত্রী নিতীশের আকস্মিক পদত্যাগ
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার আজ বুধবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। রাজ্যের রাজধানী পাটনায় রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দেন।
জোট সরকার ভেঙে পদত্যাগ করায় নিতীশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় নিতীশের উদ্দেশে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ায়’ আপনাকে অভিনন্দন।
বিজেপি সভাপতি অমিত শাহ বিহার বিজেপির জ্যেষ্ঠ নেতা সুশীল মোদিকে ফোন করে রাজ্য বিজেপি বিধানসভার সদস্যদের সঙ্গে বৈঠক করতে বলেছেন।
মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর নিতীশ কুমার বলেন, ‘আমি এ জন্য কাউকে দোষারোপ করি না। এভাবে সরকারকে সামনে এগিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। রাজ্যপাল আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন।’ তিনি বলেন, ‘জোট টিকিয়ে রাখতে গত ১৫ দিনে ধরে আমি সর্বোচ্চ চেষ্টাই করেছি।’
নিতীশ কুমার বলেন, ‘আমি বেনামি সম্পত্তির বিরুদ্ধে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। সে ক্ষেত্র কীভাবে আমি তেজস্বীর (রাজ্যর উপমুখ্যমন্ত্রী, জোটের শরিক রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষনেতা লালু প্রসাদ যাদবের ছেলে) বিরুদ্ধে ওঠা অভিযোগ সমর্থন করতে পারি? এই পরিবেশে কাজ করা সম্ভব নয়, আমি চেষ্টা করেছি একটি সমাধান খুঁজে বের করার, কিন্তু পারিনি। তাই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।’
নিতীশ কুমার বলেন, ‘আমার বিরুদ্ধে অনেক অযৌক্তিক অভিযোগ আনা হয়েছে। এরপরও কাজ করেছি। আমি রাজ্যের স্বার্থে চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদব উভয়ের সঙ্গেই আমি কথা বলেছি। তবে আমি তেজস্বীকে পদত্যাগ করতে বলিনি। শুধু লালুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনা সিবিআইয়ের মামলা দায়ের হতে পারে—এ ব্যাপারে তাদের ব্যাখ্যা করতে বলেছি মাত্র। দুর্নীতি নিয়ে আপস করব না।’
বিহারে জোটের শরিক রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষনেতা লালু প্রসাদ ও তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে আনা সিবিআইয়ের মামলা রুজুর পর টানাপোড়েন শুরু হয়। তাই কয়েক দিন ধরে বিহারে জোট সরকারের ভবিষ্যৎ নিয়েই একটা প্রশ্ন ছিল।
জোটের অনেকে সদস্যদের দাবি ছিল, দুর্নীতির অভিযোগ ওঠায় লালু-পুত্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ পদ থেকে যাক। কিন্তু তেজস্বী ও তাঁর বাবা লালুর দাবি ছিল—এটি বিজেপির ‘রাজনৈতিক ষড়যন্ত্র ও চক্রান্ত’।