বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতীশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিতীশ কুমার।
নিতীশ কুমার।

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতীশ কুমার। তাঁর ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন বিধানসভা নির্বাচনে জোটসঙ্গী সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী প্রতাপ। আজ শুক্রবার পাটনায় গান্ধী ময়দানে আয়োজিত বিশাল অনুষ্ঠানে শপথ নেন তাঁরা। শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।
বিহারের বিদায়ী রাজ্য সরকারেরও মুখ্যমন্ত্রী ছিলেন নিতীশ। গত ফেব্রুয়ারি থেকে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন ৬৪ বছর বয়সী নিতীশ। তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন।
পাঁচ দফায় ভোট গ্রহণ শেষে ৮ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ২৪৩ আসনের মধ্যে ১৭৮ আসন পায় নিতীশ-লালুর মহাজোট। মাত্র ৫৮টি আসন পেয়ে ভরাডুবি ঘটে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোটের।
উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৬ বছর বয়সী তেজস্বী প্রতাপ এবারই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা বাবা লালু প্রসাদ বর্ষীয়ান রাজনীতিবিদ হলেও তেজস্বীকে একেবারেই নবীন বলে উল্লেখ করছে গণমাধ্যমগুলো। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেজস্বীর বড় ভাই তেজ প্রতাপও। 

নির্বাচনে আরজেডি মোট ৮০ আসন পায়। নিতীশের জনতা দল (ইউনাইটেড) পায় ৭১ আসন। তবে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নিতীশের নেতৃত্বেই জোট গঠিত হয়েছিল।