বিহারের হোমে ধর্ষণের পর শিশুর লাশ পুঁতে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকী ছবি
প্রতিকী ছবি

ভারতের বিহার রাজ্যে মুজাফ্‌ফরপুরের সরকারি অনুদানপ্রাপ্ত একটি আবাসিক হোমে শিশু ও কিশোরীরা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের সুরক্ষার দায়িত্বে থাকা আবাসিক কর্মীরাই এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই হোমের সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার পর তার লাশ হোমের ভেতরেই মাটিতে পুঁতে রাখা হয়েছে বলেও অভিযোগ এসেছে। পুলিশ হোমের কর্মকর্তাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

ওই হোমের এক নারী কর্মী শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ করেন। মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের প্রতিনিধিদল সম্প্রতি হোমটি পরিদর্শন করে। এরপরই এসব অভিযোগের কথা জানা যায়।

প্রতিনিধিদলের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বিহার সরকারের সমাজকল্যাণ দপ্তর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। হোমে ৪৪ জন শিশু ও কিশোরী রয়েছে।

বিহারের প্রধান বিরোধী দল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি এ ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছে। বিহার রাজ্য বিধানসভা ও বিধান পরিষদে আরজেডি নেতা লালুর ছেলে তেজস্বী যাদবও একই দাবি জানান। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এই ঘটনাকে আড়াল করতে চাইছেন। এই রাজ্যে নারীদের নিরাপত্তা নেই বলেও জানান তিনি।

মুজাফ্‌ফরপুরের পুলিশ কর্মকর্তা হরপ্রীত কাউর বলেছেন, হোমের ভেতর মাটি খোঁড়া চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির লাশ পাওয়া যায়নি। ডাক্তারি পরীক্ষায় হোমের শিশু ও কিশোরীদের যৌন নির্যাতনের শিকার হওয়ার প্রমাণ মিলেছে।

পুলিশ জানায়, হোমটি সিল করে দেওয়া হয়েছে। বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই হোমের শিশু ও কিশোরীদের অন্য হোমে পাঠানো হয়েছে।