বিহারের 'মহাজোটের' ওপর মোদির তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের বিহার রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচনে বিজেপিবিরোধী কংগ্রেস-আরজেডি-জেডিইউ জোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের ভাগলপুরে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশে মোদি সমাজবাদী নেতাদের ‘আদর্শ জলাঞ্জলি দিয়ে’ কংগ্রেসের সঙ্গে জোট বাঁধায় আরজেডি-প্রধান লালু প্রসাদ এবং জেডিইউর নীতিশ কুমারের কড়া সমালোচনা করেন। খবর হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর।
বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস, জনতা দল (সংযুক্ত-জেডিইউ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও সমাজবাদী পার্টি (এসপি) একজোট হয়েছে। গত রোববার জোটের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয় বিহারের পাটনায়। সেই সমাবেশে কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী-লালু-নীতিশ ত্রয়ীর আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন মোদি।
সোনিয়ার বাক্যবাণের কথা স্মরণ করে গতকালের সমাবেশে মোদি বলেন, ‘ওই সমাবেশে আমাকে আক্রমণ করা ছাড়া আর কিছু হয়নি। ওই নেতাদের মুখে ছিল, মোদি-মোদি-মোদি।’
রোববারের সমাবেশকে ‘স্বয়াভিমান’ আখ্যা দিয়েছিলেন ওই জোটের আয়োজকেরা। মোদির গতকালের সমাবেশের নাম দেওয়া হয় ‘পরিবর্তন’। মোদি বলেন, ‘পরিবর্তনের এই অঙ্গীকার নিয়ে বিহারের মানুষ ২৫ বছর পর উন্নয়নের পক্ষে একজোট হয়েছেন। বিগত সময়ে যাঁরা বিহার শাসন করেছেন, তাঁরা তাঁদের কাজের হিসাব দিন। আমিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে আমার কাজের হিসাব দেব।’
লালু-নীতিশ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে রাম মনোহর লোহিয়া এবং জয়প্রকাশ নারায়ণের মতো সমাজবাদী নেতাদের আদর্শ জলাঞ্জলি দিয়েছেন বলেও সমালোচনা করেন মোদি। তিনি বলেন, ‘লোহিয়া কংগ্রেসের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। আর তাঁর অনুসারীরা ক্ষমতার লালসায় সেই আদর্শের সঙ্গে বেইমানি করেছেন।’
দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির কাছে চরম পরাজয়ের পর বিহারের নির্বাচন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির জন্য এক অগ্নিপরীক্ষা বলে মনে করা হচ্ছে।