বিয়েতে ব্যান্ড বাজানোয় শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার ছোট্ট একটি গ্রামে দলিত সম্প্রদায়ের বাস। গ্রামে এক বিয়েতে ঢোল না বাজিয়ে ব্যান্ড বাজানো হয়। এ জন্য গ্রামটির শ খানেক পরিবারকে ‘শাস্তি’ ভোগ করতে হচ্ছে।

গ্রামটির এক দলিত কৃষক চন্দর মেঘওয়াল। মেয়ের বিয়েতে ঢোলের পরিবর্তে ব্যান্ড বাজানোর শখ হয় তাঁর। শহর থেকে ব্যান্ড দল আনেন তিনি। কিন্তু তাঁর এই ইচ্ছাপূরণে বাদ সাধেন উচ্চবর্ণের গ্রাম্য মাতব্বরেরা।

গ্রাম্য মাতব্বরেরা জানিয়ে দেন, দলিতদের বিয়েতে ব্যান্ড বাজানো চলবে না। ঢোলই বাজাতে হবে।

গ্রামপ্রধানও একই মত দেন। সোজাসাপটা বলেন, বিয়ের অনুষ্ঠানে আপত্তি নেই। কিন্তু অনুষ্ঠানে ঢোল বাজাতে হবে। ব্যান্ড দল আনা চলবে না।

মাতব্বরদের নিষেধ কানে তোলেননি কৃষক চন্দর মেঘওয়াল। ব্যান্ড বাজিয়েই মেয়ের বিয়ে দেন তিনি। মাতব্বরদের কথা না শোনায় এখন মেঘওয়ালসহ গোটা গ্রামের বাসিন্দাদেরই ‘শাস্তি’ পেতে হচ্ছে।

গ্রামটির মানুষের প্রয়োজনীয় খাবার পানির একমাত্র ভরসা ছিল মেঘওয়ালের বাড়ির বড় কুয়ো। বিয়ের রাতে কে বা কারা ওই কুয়োয় কেরোসিন ঢেলে দিয়েছে। এতে কুয়োর পানি নষ্ট হয়ে গেছে। এখন গ্রামবাসীকে প্রায় চার কিলোমিটার দূরের নদী থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।

মেঘওয়ালের ধারণা, দলিত সম্প্রদায়ের বিয়েতে ঢোল না বাজিয়ে ব্যান্ড বাজানোয় কুয়োয় কেরোসিন ঢেলে তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।

এই ঘটনায় গ্রামের দলিত সম্প্রদায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। ঘটনাটি ইতিমধ্যে প্রশাসনের নজরে এসেছে। অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।

জেলা কালেক্টর ডিভি সিং জানিয়েছেন, কুয়োর কেরোসিন-মিশ্রিত পানি পাম্প দিয়ে তুলে আনা হয়েছে। কুয়ো পরিষ্কার করা হয়েছে।