বিয়ের নিমন্ত্রণপত্রে শৌচালয় তৈরির অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল ভারতের ৩৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অনেক প্রত্যন্ত গ্রামে এখনো বহু মানুষের নিজেদের বাড়িতে শৌচালয় নেই। শৌচালয়ের কাজ অনেকে আশপাশের বাগান বা খোলা মাঠে সারেন। বিহার, ওডিশা, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান রাজ্যে এই চিত্র বেশি ধরা পড়ে। 

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ÿক্ষমতায় আসার পর তিনি স্বচ্ছ ভারত গড়ার ডাক দেন। এই স্বচ্ছ ভারত আন্দোলনে শরিক হয়ে দেশের প্রত্যন্ত গ্রামের অধিকাংশ মানুষের বাড়িতে তৈরি হয় শৌচালয়। এমন ঘটনাও ঘটেছে, বরের বাড়িতে শৌচালয় না থাকায় বিয়ে ভেঙে দিয়েছেন কনে। আবার কেউ কেউ বিয়ের পণ হিসেবে দাবি করেন একটি শৌচালয়। এতে এই স্বচ্ছ ভারত গড়ার আন্দোলন জোর পায় দেশজুড়ে।

এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে রাজস্থানে। সেখানের একটি বিয়ের আমন্ত্রণপত্রে আমন্ত্রণের পাশাপাশি স্বচ্ছ ভারত গড়ার জন্য প্রতিটি বাড়িতে শৌচালয় তৈরির আমন্ত্রণ জানানো হয়েছে। লেখা হয়, ‘যত্রতত্র মলমূত্র ত্যাগ করবেন না। নিজের বাড়িতে শৌচালয় তৈরি করুন। বাল্যবিবাহ বন্ধ করুন। মেয়েদের শিক্ষিত করুন।’ সেই বিয়েটি আজ ২৯ এপ্রিল। বর পুরীলাল আর কনে পদমা। আর এই বিয়ের আয়োজন করেন পাত্রীর কাকা রাম বিলাস মীনা। মীনা স্থানীয় পঞ্চায়েতের প্রধান।

এ মাসের প্রথম দিকে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর জনৈক আকাশ জৈন তাঁর বোনের বিয়ের আমন্ত্রণপত্রে স্বচ্ছ ভারতের লোগো ছেপেছিল। টুইটারে সেই নিমন্ত্রণপত্রের সফট কপি আপলোড করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আর প্রধানমন্ত্রী মোদি সবাইকে অবাক করে দিয়ে সেই টুইটকে রিটুইট করেন এবং আকাশ জৈনকে ‘ফলো’ করতে শুরু করেন।